ছাতকে যাত্রীবাহী সড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ১০
- Update Time : ০২:০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সিলেট-সুনামগঞ্জ সড়কে দিরাইগামী নূর পরিবহন নামের যাত্রীবাহী বাস সড়কে উল্টে অন্তত ১০জন যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায়। দূর্ঘটনার পর চালাক-হেলপার পালিয়ে গেছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কৈতক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জের দিরাইগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৬৬৩৯) সিলেট -সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এসে গোলচত্তরের কাছে আইলেনের সাথে বাসটি ধাক্কা লেগে সড়কেই উল্টে যায়। নরসিংদি জেলা সদরের নগর বানিয়াদি আবদুল্লাহপুর এলাকার মৃত আবদুল হামিদের ছেলে আহত বাদল মিয়া (৪২) জানান, তিনি ওই গাড়ির যাত্রী ছিলেন। নরসিংদি থেকে থ্রিপিছ কাপড় নিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জে যাচ্ছিলেন। তিনি বলেন গাড়িটি সিলেট শহরে প্রবেশের আগেই চলন্ত অবস্থায় একটি শ্যামলী গাড়ির সাথে ধাক্কা লাগার সম্ভাবনা ছিল।এসময় চালকের চোখে ঘুম লক্ষ্য করা গেছে। চালক গাড়ি বেপরোয়াভাবে চালিয়েছে বলেই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উল্টে থাকা গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। হাইওয়ে পুলিশের ওসি সালেহ আহমেদ জানান, চালক ঘুমে ছিলো এজন্য এ দূর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক কেউ নেই। যারা আহত ছিলেন সবাই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে চলে গেছেন।




























