ছাতকে হত্যা মামলায় মৃত একজনসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল
- Update Time : ১২:৫৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে বহুল আলোচিত হাজী মোস্তফা আনোয়ার এনাম হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার চুড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি এ হত্যা মামলার চুড়ান্ত অভিযোগ পত্র (চার্জশিট) আদালতে দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আতিকুল ইসলাম খন্দকার। মামলার এজাহার ভুক্ত ১০ জন আসামীর মধ্যে ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে একজন মৃত ব্যক্তি ও রয়েছেন। এজাহার ভুক্ত ছাড়া অভিযোগ পত্রে ফেঞ্চুগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাক নামের একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২১ সালের ১৩ মে ইফতারের পুর্ব মুহুর্তে নিজ বাড়িতে প্রতিপক্ষের হামলার শিকার হন, ব্যবসায়ী হাজী মোস্তফা আনোয়ার এনাম (৪০)। হামলায় মারাত্মক আহত হাজী মোস্তফা আনোয়ার এনামকে দ্রুত সিলেটের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নোয়ারাই এলাকার হাজী মতিন মিয়ার পুত্র।এ হামলার ঘটনায় রাতেই হাজী এনামের ভাই মোস্তফা জুবায়ের বাদী হয়ে ছাতক থানায় দবির মিয়া, রকিব মিয়া, কবির মিয়া, শিহাব মিয়া, আছমা আক্তার লাভলী, জমির আহমদ, মিশু মিয়া, শরীফ আহমদ, জুবায়েল আহমদ ও শিপা বেগমের বিরুদ্ধে অভিযোগ দেন। ১৭ মে অভিযোগটি থানায় রেকর্ডভুক্ত হয় (মামলা নং ১৯/২১)।এ মামলাটি শেষ পর্যন্ত হত্যা মামলা হিসেবে গন্য হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী মোস্তফা জুবায়ের। এ দিকে সিলেটের পার্কভিউ হাসপাতালের আইসিইউ থেকে স্থানান্তরের পর ১৯ মে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন হাজী মোস্তফা আনোয়ার এনাম। এ হত্যা মামলার চুড়ান্ত অভিযোগ পত্র আদালতে দাখিল করা হয়েছে ২০ ফেব্রুয়ারি। অভিযোগ পত্রে আসামী জমির হোসেন, মিশু মিয়া, শরীফ আহমদ, জুবায়েল আহমদ ও শিপা বেগমের নাম বাদ দেয়া হয়েছে। হত্যাকাণ্ডের তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এ দিকে চার্জশিট দাখিলের আগে ১৭ ফেব্রুয়ারি মারা গেছেন রকিব মিয়া।চুড়ান্ত অভিযোগ পত্রে রকিব মিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলার আসামী দবির মিয়া রয়েছেন জেলহাজতে। মুল থেকেই পলাতক শিহাব মিয়া আর অন্যান্যরা আদালতে জামিনে মুক্ত রয়েছেন। মামলার অভিযোগ পত্র দাখিলের বিষয় নিশ্চিত করে বাদী মোস্তফা জুবায়ের ও তার ভাই মোস্তফা দিলোয়ার পারভেজ এ বিষয়ে আপাতত কোন কথা বলেন নি। তারা জানান পরিবারের লোকজন দেশে বিদেশে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে মন্তব্য করবেন।




























