সুনামগঞ্জ সদর হাসপাতালে শিডিউল ছিনতাই, যুবলীগ নেতাসহ আটক ৪
- Update Time : ০৪:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ সদর হাসপাতালে ‘অস্ত্র’ ধরে জোরপূর্বক দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের সিডিউল ছিনতাইয়ের ঘটনায় তুলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে সদর উপজেলা যুবলীগ সভাপতি এহসানুল হক উজ্জলসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ৮টা ৫০ মিনিটে ও ৯ টা ৪৬ মিনিটে হাসপাতাল করিডোরে পৃথক এ ঘটনাটি ঘটে। হাসপাতাল সূত্র জানায়, এদিন সুনামগঞ্জ সদর হাসপাতালে এম.এস.আর (যন্ত্রপাতি, আসবাবপত্র, ওষুধপত্র) ইত্যাদি ক্রয়ের ২ কোটি টাকার কাজের সিডিউল জমা দেওয়ার দিন ধার্য্য ছিল। সকালে জুয়াইরিয়া ইন্টারন্যাশনাল নামক ঢাকার একটি কোম্পানির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সুনামগঞ্জ সদর হাসপাতালে শিডিউল জমা দিতে আসেন। তিনি হাসপাতালের তৃতীয় তলার প্রশাসনিক ভবনে ঢোকার আগেই একদল যুবক তার গতিরোধ করে জোরপূর্বক হাতে থাকা শিডিউল এবং স্যাম্পল ছিনতাই করে নিয়ে যায়। এরপর আরেকটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সিডিউল একই কায়দায় জোর পূর্বক ছিনতাই করা হয়। জুয়াইরিয়া ইন্টারন্যাশনালের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, বর্তমান সরকারের আমলে সিডিউল ছিনতাইয়ের ঘটনা বিরল। তাই এই ঘটনায় তিনি বিস্মিত। তিনি দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান এবং পুন:টেন্ডারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়ে সিডিউল ছিনতাইকারীরা তাকে প্রাণে মারার হুমকি দিলে তিনি সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সুনামগঞ্জ সদর হাসপাতালের উপ পরিচালক (তত্বাবধায়ক) ডা. আনিসুর রহমান বলেন, হাসপাতালের এমএসআর (যন্ত্রপাতি, আসবাবপত্র, ওষুধপত্র) ইত্যাদি ক্রয়ে ২ কোটি টাকা মূল্যের কাজের দরপত্রের সি্ডিউল জমাদানের দিন ধার্য্য ছিল। কিন্তু সকাল ৮ টা ৫০ মিনিটে ও ৯টা ৪৬ টানা হেঁচড়া করে দু’টি ঠিকাদারি প্রতিষ্ঠানের সি্ডিউল জোর করে ছিনতাই হয়েছে। এ নিয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনাটি আমরা পুলিশকে জানিয়েছি। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন উদ্দিন চৌধুরী বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা পুরো বিষয়টি নিয়ে কাজ করছি।




























