অসহায় নারীকে বাড়ি উপহার দিল পুলিশ
- Update Time : ১০:৫৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মানুষ মানুষের জন্য। মানুষের পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম। মানবতার এক দৃষ্টান্ত উপস্থাপন করল ফরিদপুর জেলা পুলিশ। সোমবার দুপুর ১২টায় ফরিদপুর শহরের গুহলক্ষীপুর মডেল টাউন এলাকায় এক অসহায় নারীকে নতুন করে তৈরি করা বাড়ি বুঝিয়ে দেন পুলিশ সুপার আলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. গাফফার হোসেন, পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসার-১ আনোয়ার হোসেনসহ পুলিশ কর্মকর্তারা। বাড়ির চাবি হস্তান্তর শেষে বাড়ির আঙিনায় এসপি আলীমুজ্জামান দুটি আমগাছের চারা রোপণ করেন। জেলা পুলিশের নিজস্ব অর্থায়নে চার লাখ টাকা ব্যয়ে এ বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। বাড়ির মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট, টিউবওয়েল, পাকা ফ্লোরের বারান্দাসহ বাড়িটিতে দুটি কক্ষ করে দেওয়া হয়েছে। এছাড়াও বাড়ির সঙ্গেই একটি দোকান নির্মাণ করে দেওয়া হয়েছে। যাতে ওই নারী ভিক্ষা না করে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। সুবিধাভোগী ওই নারী মাহফুজা বেগম বাড়ি পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, আমার এ খুশি প্রকাশ করার মতো নয়। সারা জীবন আমি এসপি স্যারের জন্য দোয়া করব। দোয়া করি তার মতো প্রতি জেলায় এরকমের অফিসার জন্ম নেক। তিনি আরও জানান, তার স্বামীর মৃত্যু হয়েছে চার থেকে পাঁচ বছর আগে। এখন একমাত্র ছেলে পঙ্গু হয়ে আছে, কোনো কাজ করতে পারে না। মানুষের কাছে ৫০ থেকে ১০০ টাকা নিয়ে দুই বেলা আহারের ব্যবস্থা হতো। মাথা গোঁজার কোনো ঠাঁই ছিল না, পরের বাড়িতে থাকতেন। এসপি অনেককে বাড়ি বানিয়ে দিচ্ছেন শুনে তার কাছে গিয়ে জানালে তিনি বাড়িটি নির্মাণ করে দেন। পুলিশ সুপার আলীমুজ্জামান জানান, পুলিশ জনগণ নিয়ে কাজ করে, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অনেক মানবিক কাজ করে থাকে, অতীতেও করেছে, যা হয়তো এখন আরও বেশি দৃশ্যমান। আমরা জনগণের খুব পাশে যেতে চাই। সেই ধারাবাহিকতায় জেলা পুলিশের নিজস্ব অর্থায়নে দরিদ্র অসহায় ওই নারীকে বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। আমরা মানুষের জন্য ব্যতিক্রম কিছু করে যেতে চাই। সুত্র: যুগান্তর




























