তালাক দেওয়া স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ
- Update Time : ১২:৩৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় তালাক দেওয়া স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানায় ভিকটিম (৩৩) বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতে পাঠিয়েছে। গ্রেফতারকৃত তানভীর হোসেন (৫০) কোনাবাড়ীর আমবাগ এলাকার আ. সালাম মিয়ার ছেলে। ভিকটিম জানান, ঝুট ব্যবসায়ী তানভীর হোসেনের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও ২০২০ সলের মে মাসে তাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মারধর করত সে। পরে অত্যাচার সহ্য করতে না পেরে আদালতে একটি মামলা করেন। মামলার পর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয় তার স্বামী। একপর্যায়ে ওই বছরের ৯ সেপ্টেম্বর তানভীর কাজী অফিসের মাধ্যমে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেয় তাকে। পরবর্তীতে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন ভিকটিম ওই নারী। প্রায় এক বছর পর ভিকটিমের ভাড়া বাসায় গিয়ে আবার বিয়ের আশ্বাস দিয়ে তানভীর শারীরিক সম্পর্ক করে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর ভিকটিম নারী বিয়ের জন্য চাপ দিলে সটকে পড়ে অভিযুক্ত তানভীর। একপর্যায়ে ওই নারীকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে ভয় দেখায় তানভীর। গত বৃহস্পতিবার সকালে অভিযুক্ত তানভীর হোসেন ভিকটিমের বাসায় গিয়ে ভয় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। পরে ভিকটিমের ডাক-চিৎকারে অভিযুক্ত তানভীর হোসেন পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম কোনাবাড়ী থানায় গিয়ে একটি ধর্ষণ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি আবু সিদ্দিক জানান, কোনাবাড়ীর আমবাগ এলাকায় অভিযান চালিয়ে তানভীর হোসনকে গ্রেফতার করা হয়। পরে ঘটনার সত্যতা স্বীকার করায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে। সুত্র: যুগান্তর




























