ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেলেন শাবির দুই শিক্ষার্থী
- Update Time : ০৩:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। মওদুদ আহমেদ শাহরিয়ার ও এম. নাজিম উদ্দিন নামে এই দুই শিক্ষার্থী শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৩-১৪ সেশনের ছাত্র। বৃহস্পতিবার দুপুরে ওই দুই শিক্ষার্থী ফেসবুকে চাকরী পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মওদুদ আহমেদ শাহরিয়ার বলেন, ফেইসবুকের ইউরোপের প্রধান অফিস লন্ডন থেকে গতকাল নিয়োগপত্র পাঠিয়েছে। তারা জানতে চেয়েছে, লন্ডন ছাড় ইউরোপের অন্য কোন অফিস জয়েন করতে চাই কী না। আমি লন্ডন অফিসে থাকার কথাই বলেছি। তিনি বলেন, মোট তিনটা ধাপে আমার ভাইবা নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তিন নম্বর ধাপে ৪টা ভাইবা ছিল। প্রতিটি ভাইবার জন্য সময় দিয়েছে ৪৫ মিনিট করে। শাবিপ্রবিতে পড়াকালীন প্রোগ্রামিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। এই প্রতিযোগিতাগুলোর অভিজ্ঞতা ফেসবুকের ভাইবায় খুব কাজে দিয়েছে। তিনি আরো বলেন, ফেসবুকের মতো জনপ্রিয় একটা সাইটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। আমাদের দেশের অনেক শিক্ষার্থী আছে যারা ফেসবুক গুগলে চাকরী করার মতো যোগ্যতা রয়েছে। তবে সঠিক গাইডলাইন না থাকার কারণে তারা সেখানে যেতে পারছে না। এসব শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে কাজ করবো যাতে তারা সঠিক গাইডলাইন পায়। অপর শিক্ষার্থী এম. নাজিম উদ্দীন সিলেটভিউকে বলেন, ২০১৪ সালে যখন পোগ্রামিং শুরু করি, তখন থেকেই স্বপ্ন ছিলো পৃথিবীর টপক্লাস ইঞ্জিয়ারদের সাথে টেক জায়ান্টে জব করার। ভার্সিটি শেষ হওয়ার পর থেকেই প্রস্তুতি নেয়া শুরু করি গুগল, ফেসবুকের জন্য। তিনি বলেন, প্রথম কয়েকবার এপ্লাই করে ব্যার্থ ও হই। কিন্তু সবসময়ই নিজের উপর বিশ্বাস ছিলো। কখনোই মনোবল হারাই নি। অবশেষে এই বছর জুন মাসে ফেসবুক এবং গুগল থেকে যোগাযোগ করে ইন্টারভিউ দেওয়ার জন্য। প্রায় দুই মাসব্যাপী ৬ টা করে ইন্টারভিউ নেয় গুগল এবং ফেসবুক। সবগুলো ইন্টারভিউ ভালো হওয়ার পর দুই কোম্পানি থেকেই অফার করে। সবকিছু বিবেচনায় আমি ফেসবুকের লন্ডন অফিসের অফার গ্রহণ করি। কোনো জটিলতা না থাকলে জয়েনিং আগামী ফেব্রুয়ারিতে।





























