সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত
- Update Time : ০২:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তিন ঘণ্টাব্যাপি দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে একজন পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে, আজ রবিবার সকাল পৌনে ৭টা থেকে ১০টা পর্যন্ত সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটেছে ফরিদপুরে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। গুরুতর আহত ৯ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, লক্ষ্মীপুর গ্রামের মোশারফ সর্দার (৪২), সেলিম শেখ (৫২), শাখাওয়াত মাতুব্বর (৪২), জনি মিয়া (৩৭), শাজাহান মাতুব্বর (৫৭), মোস্তফা শেখ (৫০), জলিল শেখ (৩৭), গিয়াস মাতুব্বর (৫৫), সোহাগ মাতুব্বর (২৫)।নএদিকে, সংঘর্ষ থামাতে গিয়ে আহত ভাঙ্গা থানার পুলিশ কনস্টেবল সজীব মাতুব্বর (২৬) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল মানিকদহ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওসমান মাতব্বরের সাথে শাজাহান মাতব্বরের। এ বিরোধকে কেন্দ্র করে গত ২০২০ সালে সংঘর্ষে শাজাহান মাতব্বরের পক্ষের একজন খুন হয়। ঐ মামলায় ওসমান মাতব্বর এখন জেলে। এখনও এলাকায় ওই দু’টি পক্ষ সক্রিয় রয়েছে। এছাড়াও জমি নিয়ে রবিবার সকালে জুয়েলের পক্ষের শাখাওয়াত মাতব্বরের সাথে আলমগীর মাতব্বরের তর্ক ও হাতাহাতি হয়। এরপর দফায় দফায় দুই পক্ষের কয়েকশ’ লোক সংঘর্ষে লিপ্ত হয়। এ ব্যাপারে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা করিম চৌধুরী বলেন, দুই পক্ষের মধ্যে পূর্ব শত্রুতা ও জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছে।





























