চিরনিদ্রায় এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস
- Update Time : ০৩:৩৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল সোয়া পাঁচটায় ফেঞ্চুগঞ্জের কাসিম আলী সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ফেঞ্চুগঞ্জের নুরপুরে বাড়ির সামনে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে তাঁর মরদেহ ফেঞ্চুগঞ্জ সার কারখানার এনজিএফএফ খেলার মাঠে আনা হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে করে মাহমুদ উস সামাদ চৌধুরীর মরদেহ ফেঞ্চুগঞ্জের নুরপুরে নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে দলীয় নেতা–কর্মীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজন-সহকর্মীরা। সাংসদের জন্য শোক জানাতে তাঁর নিজ বাড়িতে শোকবই খোলা হয়, এতে অনেকেই শোকগাথা লিখে প্রয়াত এই সাংসদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বিকেল সোয়া পাঁচটায় ফেঞ্চুগঞ্জের কাসিম আলী সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। তবে জানাজার আগেই নির্ধারিত মাঠ ও পার্শ্ববর্তী সড়ক লোকে লোকারণ্য হয়ে ওঠে।





























