রাস্তায় ব্যারিকেড দিয়ে ১২ লাখ টাকা ডাকাতি, আহত ৫
- Update Time : ০৪:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
রাস্তায় ব্যারিকেড দিয়ে ১২ লাখ টাকা ডাকাতি হয়েছে।
মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগর উপজেলার লঙ্গুরপুল এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে ১২ লাখ টাকা লুট করে নিয়েছে ডাকাতরা। এ সময় রাজনগর চা বাগানের ম্যানেজারসহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মৌলভীবাজার সাউথইস্ট ব্যাংক থেকে রাজনগর চা বাগানের ম্যানেজার চা শ্রমিকদের বেতনের ১২ লাখ টাকা উত্তোলন করেন। চা বাগানের একটি জীবগাড়িতে করে তারা রাজনগর উপজেলার লঙ্গুরপুল এলাকায় পৌঁছালে একটি টাটা পিকআপ ভ্যান তাদের গাড়ির গতিরোধ করে রাস্তা ব্যারিকেড দেয়।
এ সময় পিকআপ ভ্যান থেকে নেমে ৪/৫জন ও দুটি মোটরসাইকেলে আরও ছয়জন এসে গাড়িতে এলোপাতাড়ি কোপাতে থাকে। তারা গাড়িতে থাকা ব্যক্তিদের অপর মরিচের গুড়া ছিটিয়ে নগদ ১২ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় চা বাগানের ম্যানেজার রিজওয়ানুল হক, গাড়িচালক বাবুল পাচি, বাগানের স্টাফ আবুল হাসনাত খান ও রাম গোপাল গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।





























