সিলেট আওয়ামী পরিবারে নতুন বার্তা : উজ্জীবিত কর্মীরা
- Update Time : ০২:৫১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: পালে নতুন হাওয়া লেগেছে আওয়ামী লীগে। সেই হাওয়ায় ভাসছে সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। ঐক্য এবং সম্প্রীতির এই হাওয়াতে নতুন করে উজ্জীবিত হচ্ছে আওয়ামী পরিবার। সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে সিলেটে আওয়ামী লীগের আনন্দ র্যলিতে এমন হাওয়াই লক্ষ্য করা গেছে। জেলা, মহানগরের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে র্যালিতে সামিল হন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলও যোগ দেন র্যলির সামনের সারিতে। একইভাবে কর্মীবান্ধব ও কেন্দ্রীয় নেতা বদর উদ্দিন আহমদ কামরান সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি এড. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এড. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ আওয়ামী পরিবারের সকল এসে যোগ দেন আনন্দ র্যলিতে।
দলীয় কোন্দলের অভিযোগে সিলেট আওয়ামী লীগ অভিযুক্ত থাকলেও সোমবারের এই র্যালি যেনো বিগত অভিযোগকে ম্লান করে দিয়েছে। উপরন্তু দলীয় কর্মীদের মধ্যে নেতাদের এই বিরল দৃশ্য নতুন করে প্রাণ যুগিয়েছে সবাইকে। এই মিলনকে কেউ কেউ সিলেটের অতিত ঐতিহ্য হিসেবেও বিবেচিত করছেন।
জেলা ও মহানগর সম্মেলন পরবর্তী প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব নিয়ে কিছুদিন নিরুত্তাপ ছিলো নেতাকর্মীরা। এবার জাতীয় সম্মেলনের পরপরই এই আনন্দ র্যালির মধ্য দিয়ে নেতাকর্মীরা এক প্ল্যাটফর্মে এসে নিজেদের একটি সফল আয়োজন সম্পন্ন করতে পারলো। এই সফলতার গল্পে জড়িয়ে আছে নেতাকর্মীদের স্বতস্পূর্ত অংশগ্রহণ এবং দলীয় কমিটমেন্ট।
আনন্দ র্যালিতে এতোসব নেতাকর্মীদের একসাথে অংশগ্রহণ এর আগেও হয়েছে। কিন্তু কেন্দ্রীয় নেতাদের নিয়ে এমন আনন্দ র্যালি এর আগে দেখেননি বলে জানিয়েছেন অনেক নেতাকর্মী। দলীয় কর্মীদের এমন একাট্টা কর্মসূচীতে একসময় ছিড়ে যায় কর্মসূচীর ব্যানার। কিন্তু দমে থাকেনি র্যালি। দুই নেতা আগলে ধরেছেন ব্যানার। সেই ছেড়া ব্যানার বুকের পাঁজর দিয়ে টেনে ধরে নতুন করে বার্তা দিয়েছেন নেতাকর্মীদের। সেই বার্তায় দলীয় কর্মীরা যেভাবে হয়েছেন উচ্ছাসিত-তেমনিভাবে দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও হয়েছেন অনুপ্রাণীত।
বিকেল সাড়ে ৩টার সময় সিলেট জেলা পরিষদের সামনে থেকে এ আনন্দ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ মিছিলের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদরউদ্দিন আহমদ কামরান ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির মধ্যবর্তী স্থানে দলীয় ব্যানারটি ছিঁড়ে যায়। এতে ছেঁড়া ব্যানারটিতে এ দু’জনে শক্ত করে ধরে রাখেন। এ অবস্থায় শত শত নেতাকর্মীর আনন্দ মিছিলটি সমাপ্ত হয়। এ সময় কয়েক নেতাকর্মী ছেঁড়া ব্যানারের এই জোড়াকে নৌকার পালে শক্ত হাতে হাল ধরার সাথে তুলনা করেন।





























