বিশ্বনাথে বিজয় দিবসের দিন পরীক্ষা, বিএনপি নেতার একাডেমি প্রধানকে শোকজ
- Update Time : ০৩:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিজয় দিবসে অনুষ্ঠানের আয়োজন না করে কেন বার্ষিক পরীক্ষা নেওয়া হল, তা জানতে চেয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপুর গ্রামস্থ অলংকারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোজাহিদের পরিচালিত ‘ইছহাক একাডেমি’র প্রধান শিক্ষককে শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। পাশাপাশি বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।
প্রধান শিক্ষককে শোকজ করার সত্যতা জানিয়ে বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব বলেন, বিজয় দিবসের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন যথাযথ কর্তৃপক্ষ।
এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল বলেন, শোকজ করার পাশাপাশি বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে অবহিত করা হয়েছে। তদন্ত সাক্ষেপে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। বিজয় দিবসের দিন পরীক্ষা নেওয়া ও কোচিং করানোর বিষয়টিতে কোন আপোস নেই।
উল্লেখ্য, সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপুর গ্রামস্থ অলংকারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোজাহিদ পরিচালিত ‘ইছহাক একাডেমী’তে বিজয় দিবসের অনুষ্ঠান না করে বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের চলমান বার্ষিক পরীক্ষায় ‘আইসিটি’ বিষয়ের পরীক্ষা নেন কর্তৃপক্ষ।
বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজনের বদলে বার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে এলাকাবাসীর কাছ থেকে এমন অভিযোগ পেয়ে স্থানীয় সাংবাদিকদের একটি দল ইছহাক একাডেমীতে গিয়ে ঘটনার সত্যতাও পান। আবার একটি শ্রেণিকক্ষে ওই সময় কোচিং ক্লাস চলমানও দেখতে পান সাংবাদিকরা। আর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের জীবন নষ্ট না করতেই প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষকদের চাহিদা অনুযায়ী বাধ্য হয়েই সেই পরীক্ষা ও কোচিং ক্লাসে অংশগ্রহন করে।





























