জকিগঞ্জে গৃহবধুর রহস্যজনক মৃত্যুর মামলায় স্বামীসহ ৩ জন আটক
- Update Time : ০৬:৪৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের পশ্চিম গোটারগ্রামে রহস্যজনক আগুনে দগ্ধ হয়ে নিহত গৃহবধু জুলফা ইয়াসমিন মৌসুমীর মরদেহ ময়নাতদন্ত শেষে শনিবার তার বাবার বাড়ি উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দেবোত্তর গ্রামে দাফন করা হয়েছে।
এ ঘটনায় নিহত মৌসুমীর পিতা আব্দুল জলিল জলু মিয়া ১৩ ডিসেম্বর বাদী হয়ে ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। জকিগঞ্জ থানার মামলা নং-১৩, আসামীরা হলেন- নিহত মৌসুমীর স্বামী আব্দুল মুমিত মাহিন (২৭), দেবর শাহিন আহমদ (২৫) ও ননদ হেলি বেগম (২২)।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোঃ আব্দুন নাসের জানান, মামলার এজাহারনামীয় সকল আসামীকে গ্রেফতার করা হয়েছে।
রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে। প্রকৃত ঘটনা বের করতে কিছুটা সময় লাগতে পারে। ৮ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার পশ্চিম গোটারগ্রামে স্বামীর বাড়িতে রহস্যজনক আগুনে জুলফা আক্তার মৌসুমী দগ্ধ হন। ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ ডিসেম্বরে মৃত্যুবরণ করেন তিনি। উল্লেখ্য, অগিদগ্ধ হবার পর চারদিন জীবিত থাকলেও তিনি পরিবারের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করে যাননি।
মামলা রেকর্ডের একদিন পূর্বে স্বামীর পরিবারের ৪ সদস্যকে আটক করে জকিগঞ্জ থানায় আনা হয়েছিল। পরবর্তীতে তাদের তিনজনকে এফআইআর নামীয় আসামী হিসেবে আটক দেখনো হয়। মৌসুমীর রহস্যজনক মৃত্যু ও হত্যা মামলায় তার স্বামীর বাড়িতে চলছে নানা আলোচনা।





























