গোয়াইনঘাটে নদীতে ডুবে নিখোঁজের চার মাস পর যুবকের কঙ্কাল উদ্ধার
- Update Time : ০৫:৫৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে নদীতে ডুবে নিখোঁজের চার মাস পর হোসেন মিয়া নামের এক যুবকের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার ডাউকি নদীর জাফলংয়ের মমিনপুর এলাকা থেকে থানা পুলিশ তার কঙ্কাল উদ্ধার করেন। হোসেন মিয়া উপজেলার নয়াগাঙের পাড় গ্রামের গণি মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে স্থানীয় লোকজন জাফলংয়ের ডাউকি নদীতে ভাসমান অবস্থায় একটি কঙ্কাল দেখতে পায়। লোকজনের কাছ থেকে বিষয়টি জানতে পেরে নিখোঁজের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটির পরনের কাপড় দেখে তা হোসেন মিয়ার বলে সনাক্ত করেন। খবর পেয়ে থানা পুলিশের এসআই মুহিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করেন।নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তাদেরই লিখিত আবেদনের প্রেক্ষিতে আইন সম্মতভাবে ময়না তদন্ত ছাড়া মরদেহটি দাফনের অনুমতি দেয়া হয়।
থানার ওসি মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গত ১০ জুলাই রাতে হোসেন মিয়া ও তার কয়েক সহযোগী মিলে তার শ্বশুরবাড়ির এলাকা ছৈলাখেল অষ্টম খণ্ড থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় ডাউকি ও পিয়াইন নদী দিয়ে পাহাড়ি ঢলের সঙ্গে আসা জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান। কাঠ সংগ্রহের একপর্যায়ে তার ব্যবহৃত ছাতার সঙ্গে নদীর ওপর দিয়ে বিদ্যুত সঞ্চালনের লাইনে শক লেগে হোসেন মিয়া নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান। এ সময় নদীতে প্রবল স্রোত থাকায় মুহূর্তের মধ্যেই তিনি পানিতে ভেসে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।





























