ওসমানীনগরে ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেফতার
- Update Time : ০৭:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আবুল কালাম আজাদ, ওসমানীনগর :: সিলেটের ওসমানীনগর উপজেরার উছমানপুর ইউনিয়নের রাউৎখাই গ্রাম থেকে এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত মো. আবু বকর ছাকীব ওরফে নাজমুস ছাকীব চাঁদপুরের সদর উপজেলার আমজদ আলী রোড দাসপাড়ার আবুল হোসাইন ডালীর ছেলে।
বর্তমানে ঢাকার ৮৮, কাজী নজরুল ইসলাম এভিনিউতে বসবাস করছে। তার বিরুদ্ধে ওসমানীনগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টাস হতে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে শনিবার মধ্য রাতে ওসমানীনগরের রাউৎখাই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কামাল মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়।
থানা সুত্রে জান যায়, ভুয়া পুলিশ কর্মকর্তা আবু বকর নিজেকে সরকারি পাবলিক সার্ভিস কমিশনের ৩৭তম বিসিএসে উত্তীর্ণ পুলিশ ক্যাডারের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল।
বিষয়টি নজরে আসার পর পুলিশ হেডকোয়ার্টার হতে নজরদারীর মাধ্যমে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিয়ে তাকে সনাক্ত করে তার অবস্থান নিশ্চিত করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ৩৭তম বিসিএসে পুলিশ ক্যাডার হিসেবে এক বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে পুলিশ একাডেমী সারদা হতে সমাপনী কুচকাওয়াজ শেষ করেছে বলে দাবি করে বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করে।
রোববার তার বিরুদ্ধে ওসমানীনগর থানার এসআই সুজিত কুমার চক্রবর্তী বাদি হয়ে পেনাল কোড ১৭০ ধারার অপরাধে ১টি এবং প্রতারণার দায়ে প্রবাসী কামাল বাদি হয়ে অপর আরেকটি মামলা দায়ের করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে সে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিল। পুলিশ হেডকোয়ার্টাস থেকে তথ্য পেয়ে আমরা তাকে আটক করতে সক্ষম হই।





























