ওসমানীনগরে স্বামীর বিরুদ্ধে মামলা করে ‘নিরাপত্তাহীন’ স্ত্রী
- Update Time : ০২:৩৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: যৌতুক নিরোধ আইনে স্বামীর বিরুদ্ধে মামলা করে আতঙ্কের মধ্যে রয়েছেন সিলেটের ওসমানীনগরের রুবিনা বেগম। মামলা তুলে নিতে স্বামী পক্ষের ক্রমাগত হুমকীতে অতিষ্ট হয়ে উঠেছে তার জীবন। এ ব্যাপারে প্রতিকার চেয়ে তিনি ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, ২০১৮সালের ডিসেম্বরে উপজেলার মাটিহানি (লামাপাড়া) গ্রামের আব্দুল মানিকের পুত্র রাজন মিয়া ও একই গ্রামের মৃত নূর ইসলামের কন্যা রুবিনা বেগম পরস্পরকে ভালোবেসে বিয়ে করেন। সিলেটের নোটারী পাবলিকের মাধ্যমে ৩লাখ টাকা কাবিনে উক্ত বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কয়েকদিন পর থেকে রাজনের পরিবার যৌতুকের জন্য রুবিনা বেগমকে চাপ দেয়। রুবিনা তার পিতৃহীন অভাবী পরিবার থেকে টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে তার উপর শারীরিক নির্যাতন শুরু হয়। ১ ফেব্রুয়ারী রাতে শ্বশুর বাড়ির লোকজন রুবিনাকে প্রচন্ড মারপিট করে বাড়ির বাইরে বের করে দিলে রুবিনার বাবার বাড়ির খবর পেয়ে তাকে (রুবিনাকে) আহত অবস্থায় নিজেদের বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে এলাকার সালিশান ব্যক্তিরা রুবিনাকে তার স্বামীর কাছে পুণরায় পাঠাতে চাইলে শ্বশুর বাড়ির লোকজন তাতে কর্ণপাত করেনি।
সর্বশেষ ২ আগস্ট সন্ধ্যায় রাজন মিয়া রুবিনার বাবার বাড়িতে উপস্থিত হয়ে রুবিনাকে ১সপ্তাহের মধ্যে ১লাখ টাকা যোগাড় করে দেবার জন্য তাগিদ দেয়। অন্যথায় তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ের হুমকী প্রদান করে। এ ঘটনায় উদ্বিগ্ন রুবিনা ১৯ আগস্ট সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনে একটি লিখিত অঙ্গিকারনামার ভিত্তিতে রুবিনাকে তার স্বামীর ঘরে তুলে নিতে নির্দেশ দেন।
৬অক্টোবর এর পরবর্তী শুনানী হওয়ার কথা। রাজন মিয়া স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অঙ্গিকার করলেও আদালত থেকে ফিরে তিনি এ মামলা তুলে নিতে রুবিনা ও তার বাবার বাড়ির লোকজনকে ক্রমাগত হুমকী শুরু করেন। ইতোমধ্যে রুবিনার শ্বশুর বাড়ির লোকজনের হাতে তার মামলার সাক্ষী আক্রান্ত হওয়ার ঘটনাও হয়। এরপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রুবিনা বেগম ৪জনকে অভিযুক্ত করে ওসমানীনগর থানায় পৃথক একটি অভিযোগ দাখিল করেন।
রুবিনা বেগমের মা মায়ারুন নেছা বলেন, আমার মেয়ে পরিবারকে না জানিয়ে রাজনকে বিয়ে করেছে। পরবর্তীতে তার শান্তির কথা ভেবে এ বিয়ে মেনেও নিয়েছিলাম। রাজন মিয়া ১লাখ টাকা এনে দেওয়ার জন্য আমার মেয়েকে অনেকবার মারপিট করেছে। বাধ্য হয়ে রুবিনা যৌতুক আইনে মামলা করলে তা তুলে নিতেও হুমকী দেওয়া হচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা ও ওসমানীনগর থানার এসআই মনিরুল ইসলাম বলেন, রুবিনা বেগমের অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আদালতে এ সংক্রান্ত একটি মামলা বিদ্যমান থাকায় আদালতের নিদের্শনা মেনেই পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।





























