সিলেটে জামায়াত সন্দেহে জমিয়ত নেতা গ্রেফতার : জমিয়ত নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও প্রতিবাদ
- Update Time : ১২:৫২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর প্রচার সম্পাদক হাফিজ মাহদি হাসান মিনহাজকে জামায়াত সন্দেহ করে গোয়াইনঘাট থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ১২টায় তার নিজ বাড়ি উপজেলার ৯নং ডৌবাড়ি ইউনিয়নের নিহাইন গ্রাম থেকে গ্রেফতার করেছে।
সে ডৌবাড়ি ইউনিয়নের মরহুম বশির আহমদের বড় ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরীর কাজলশাহ এলাকায় বসবাস করে আসছেন।
এদিকে সিলেট মহানগর যুব জমিয়তের প্রচার সম্পাদক হাফিজ মাহদি হাসান মিনহাজকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুক্তির দাবি করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান, মহানগর যুব জমিয়ত সভাপতি হাফিজ মাওলানা কবির আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল আতিক। নেতৃবৃন্দ বলেন, হাফিজ মাহদি হাসান মিনহাজ সিলেট মহানগর যুব জমিয়তের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। জামায়াত সন্দেহ করে তাকে গ্রেফতার করায় আমরা হতবাক হয়েছি। এরকম একজন তরুণ আলেমকে অন্যায়ভাবে রাতের আধারে বাড়ি থেকে ওয়ারেন্ট ছাড়া সন্দেহমূলকভাবে গ্রেফতার করা অত্যন্ত দুঃখজনক। নেতৃবৃন্দ অবিলম্বে হাফিজ মাহদি হাসান মিনহাজের নিঃশর্ত মুক্তি দাবি করেন।



















