সিলেট থেকে বিশেষ প্রতিনিধি :: বিকট বিস্ফোরণ ও একই সাথে চলছে গোলাগুলি। বেলা ২টার পর থেকে এমন শব্দই শোনা যাচ্ছে। ‘আতিয়া মহলের’ নিচতলার ফ্ল্যাটে জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো টিম। দুপুর ২টার কিছু পর থেকে অভিযান শুরু হয়। দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছে। সোয়া ২টার দিকে বিকট বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটেছে, একইসাথে গুলির শব্দও পাওয়া গেছে। থেমে থেমে আসছে গুলির শব্দ। জঙ্গিদের ফ্ল্যাটে চলছে অভিযান।
শনিবার সকাল ৮টা থেকে ১৭ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের নেতৃত্বে অভিযান শুরু করে প্যারা কমান্ডো টিম। এখনও সেই অভিযান চলছে। সকাল ১০টার দিকে ওই বাড়িতে একদিন অবরুদ্ধ থাকা মানুষগুলোকে বের করে আনা শুরু হয়। নারী, শিশু ও বৃদ্ধদের আগে বের করা হয়। তাদের মেইন রোডে নিয়ে গাড়িতে করে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান জানিয়েছেন, সিলেটের জঙ্গি আস্তানায় অভিযানে নারী ও শিশুসহ বেসামরিক লোককে উদ্ধার করেছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা। অভিযান খুবই সতর্কতার সঙ্গে ধীরগতিতে চালানো হচ্ছে। যাতে বেসামরিক লোকজনের কোনও সমস্যা না হয়।
এদিকে সাধারণ লোকজনকে জঙ্গি আস্তানা থেকে নিরাপদ দূরত্বে আটকে রাখা হয়েছে। আতিয়া মহলের আশপাশের লোকদের এর আগেই শুক্রবারই সরিয়ে নেওয়া হয়েছিল।
শনিবার সকাল ৮টার দিকে শিববাড়ির এই জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেন সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা। ৫০ জনের মতো প্যারা কমান্ডো ‘আতিয়া মহলের’ ভেতর প্রবেশ করেন বলে জানিয়েছেন অভিযান সংশ্লিষ্টরা। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সোয়াত টিমের সদস্য ও পুলিশ বাড়ির বাইরে অপেক্ষা করছেন।
০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট জঙ্গি আস্তানায় ‘আতিয়া মহলে’ বিকট বিস্ফোরণ, চলছে গোলাগুলি
- Update Time : ০৪:০১:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০১৭
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে



















