জগন্নাথপুরে একজন ইমাম যখন সফল কৃষক
- Update Time : ০৮:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম / অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একজন শ্রেষ্ঠ ইমাম সফল কৃষক হয়েছেন। এতে অন্যান্য ইমাম ও সচেতন মহলের মধ্যে ব্যাপক উৎসাহ বেড়েছে। বর্তমানে তাঁকে অনুস্বরণ করছেন অনেকে। ব্যাপক সাড়া জাগিয়েছে যুব ও তরুণ সমাজে। কৃষি কাজে আরো আগ্রহ বাড়ছে কৃষকদের। উন্নত প্রযুক্তি ব্যবহারে উৎসাহী হচ্ছেন কৃষকরা।
জানাগেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের অপাসাধু গ্রামের মৃত আবদুল জলিলের সুযোগ্য পুত্র মাওলানা নিজাম উদ্দিন জালালী এলাকার জনপ্রিয় পরিচিত মুখ। যে কোন মানুষের বিপদে তিনি সবার আগে এগিয়ে যান। সাধ্যমতো সহযোগিতা করেন। তিনি পেশায় একজন ইমাম হলেও সমাজ সেবায় রয়েছে তাঁর অনেক অবদান। তিনি একজন ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের উদ্যোক্তা ও সংগঠক।
সদিচ্ছা থাকলে সৎ উপায়ে পরিশ্রমের মাধ্যমে ইমামতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া যায়। উপার্জন করা যায় অর্থ। জয় করা যায় অভাবকে। স্বাচ্ছন্দ আনা যায় সংসারে। অর্জন করা যায় খ্যাতি ও সম্মান। তা আবারো প্রমাণ করলেন মাওলানা নিজাম উদ্দীন জালালী। তিনি বর্তমানে জগন্নাথপুর উপজেলা পরিষদ জামে মসজিদে ইমামতি করছেন।
জানা যায়, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গদাইখালী, গাছতলা, সলুয়া ও ধলুয়াসহ ছোট ৪টি হাওরে পানির অভাবে যুগযুগ ধরে কোন জমি আবাদ হয়নি। এসব হাওরের অনাবাদী জমি প্রথম চাষাবাদ করে সবাইকে চমকে দেন মাওলানা নিজাম উদ্দিন জালালী। ২০০৮ সালে তিনি জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসের সহযোগিতা নিয়ে স্থানীয় কুশিয়ারা নদী থেকে বড় পানির মেশিন বসিয়ে হাওরে পানি সেচের ব্যবস্থা করেন। তখন তিনি এলাকার সকল কৃষকদের উৎসাহিত করেন হাওরে জমি আবাদ করতে। এখন পর্যন্ত এসব হাওরের জমিতে প্রতি বছর ধানী জমি চাষাবাদ হচ্ছে। কৃষকদের গোলায় উঠছে সোনার ফসল।
২০১৬ সালে মাওলানা নিজাম উদ্দিন জালালী সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি পুরস্কৃত হন। এছাড়া ২০১৭ সালে আবারো জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের সহযোগিতায় উন্নত প্রযুক্তির ধান কাটা ও মাড়াই মেশিন জগন্নাথপুরে আমদানী করে সবাইকে অবাক করে দেন মাওলানা নিজাম উদ্দিন জালালী। খামার যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২য় পর্যায়ের আওতায় সরকার ৭০ ভাগ ভর্তুকি দিয়ে কয়েক লক্ষ টাকা মূল্যের উন্নত প্রযুক্তির মিনি কম্বাইন হারভেষ্টার নামের ধান কাটা ও মাড়াই মেশিন প্রদান করে মাওলানা নিজাম উদ্দিন জালালীকে। এ মেশিন পেয়ে গত আমন মৌসুমে নিজে মেশিন চালিয়ে মানুষের জমির ধান কেটে ও মাড়াই করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী। এ সময় আনুষ্ঠানিকভাবে এ মেশিন দিয়ে ধানকাটার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ।
এ ব্যাপারে শ্রেষ্ঠ ইমাম ও সফল কৃষক মাওলানা নিজাম উদ্দিন জালালী বলেন, সদিচ্ছা থাকলে ইমামতির পাশাপাশি সৎভাবে পরিশ্রম করে অর্থ উপার্জন ও খ্যাতি অর্জন করা যায়। আমি শুধু মানুষের সেই ইচ্ছাকে জাগ্রত করতে চাই। মানুষ যেন পরিশ্রম করে নিজের ভাগ্য বদল করে স্বাবলম্বী হতে পারে এটাই আমার চাওয়া। তিনি আরো বলেন এবারো আমি সরকারিভাবে দেয়া এ মেশিন দিয়ে ধানকেটে ও মাড়াই করে ৫০ হাজার টাকা লাভবান হয়েছি।



























