জগন্নাথপুরে প্রতিপক্ষের রামদার আঘাতে গুরুতর আহত যুবক
- Update Time : ০৯:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের রামদার আঘাতে এক আহত যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে খবর পাওয়া গেছে। সেই সাথে জনতার গণপিটুনিতে হামলাকারীও আহত হয়। জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, মাদ্রাসার জমি নিলাম নিয়ে বিগত ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর স্থানীয় শ্রীধরপাশা গ্রামের ফয়সল মিয়া ও জাবেদ আলমের লোকজনের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের বন্দুকের গুলিতে ফয়সল পক্ষের ১ জন নিহত সহ কমপক্ষে ৭০ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা ও পাল্টা মামলা চলছে।
এরই জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজারে জাবেদ আলম পক্ষের রাজু মিয়ার উপর্যপুরি রামদার আঘাতে ফয়সল পক্ষের নেওয়াজ আহমদ নামের এক যুবক গুরুতর আহত হন। আহতকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় বাজারের উত্তেজিত জনতা হামলাকারী রাজু মিয়াকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেন। গণপিটুনিতে আহত রাজু মিয়াকে থানা পুলিশ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
গত বুধবার রাতে আহত রাজু মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় আহত নেওয়াজ আহমদ বাদী হয়ে ৪ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন বলেন, উক্ত মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে আহত নেওয়াজ আহমদের লোকজন জানান, আহত নেওয়াজ এখনো শঙ্কামুক্ত নয়, সে ওসমানীতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।





























