দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট
- Update Time : ০৫:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের দিঘলভাগ এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এঘটনা ঘটে। ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুটপাট করে পালিয়ে যায়।
জানা যায়, উপজেলার শেওলা ইউনিয়নের দিঘলভাগ এলাকার লালা মিয়ার বাড়িতে মধ্যরাতে ১০/১২ জনের একদল ডাকাত হানা দেয়। ঘরে কেসিসির গেইটের তালা দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। লালা মিয়া ও তার প্রবাসী ছেলে রাজু ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাঁধা দিতে গেলে ডাকাতদের হামলার শিকার হন তিনি। এসময় দেশীয় অস্ত্রে সজ্জিত ডাকাত সদস্যরা পিতা-পুত্রকে বেঁধে বাথরুমে আটকে রাখে। পরে পরিবারের মহিলাদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ১০/১২ ভরি স্বর্ণ, নগদ ১লাখ ৩০ হাজার টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান আসবাবপত্র নিয়ে পালিয়ে যায়।
ডাকাতরা পালিয়ে যাওয়ার পর বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন।
এবিষয়ে শেওলা ইউপি চেয়ারম্যান মোঃ জহুর উদ্দিন জানান, ডাকাতদের আকস্মিক এ হামলায় লালা মিয়া ও তাঁর পরিবার পুরোপুরি আতংকগ্রস্থ। আতংকিত এলাকাবাসীও। তিনি ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে বলে জানান।





























