সুনামগঞ্জে ‘বিশ্বজন’ স্বেচ্ছাসেবী সংগঠনের বই বিনিময় উৎসব
- Update Time : ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসহায়ক বই, খাতা, কলম ও জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে ‘বিশ্বজন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের হুসেন বখত চত্বরে দিনব্যাপী এই ‘বই বিনিময় উৎসব’ অনুষ্ঠিত হয়। উৎসবে হাজারখানেক বই নিয়ে স্টল সাজানো হয়, যেখান থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের প্রয়োজনীয় বই ও শিক্ষা উপকরণ বিনামূল্যে সংগ্রহ করেন। সংগঠনটির সভাপতি ওবায়দুল হক জানান, আমরা শহরের বিভিন্ন বাসাবাড়ি ও লাইব্রেরি থেকে প্রায় ১১০০টি শিক্ষাসহায়ক বই সংগ্রহ করেছি। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলা এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলা। শিক্ষার্থীরা এখান থেকে তাদের প্রয়োজনীয় বইগুলো বিনামূল্যে সংগ্রহ করতে পারছে। প্রসঙ্গত, সংগঠনটি এর আগেও দুইবার সফলভাবে এই বই বিনিময় উৎসবের আয়োজন করেছিল।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক মাসুম হেলাল, সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহের, সুপ্রভা রাণী কর, কুদরত পাশা ও সাংবাদিক আমিনুল হক। এছাড়া সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ আখঞ্জী, সহ-সভাপতি রনদয় সরকার, অর্থ সম্পাদক নিপেশ সরকার, প্রচার সম্পাদক মমিনা নূরসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। বিনামূল্যে শিক্ষা উপকরণ পাওয়ার সুযোগ পেয়ে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে ভবিষ্যতে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।




























