সুনামগঞ্জে এমপির সম্পত্তি লিখে নেয় সৎ ভাইয়েরা, মামলা করলেন এমপির স্ত্রী
- Update Time : ০৪:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরীর গলায় রামদা ঠেকিয়ে ভয় দেখিয়ে সম্পত্তি লিখে নিয়ে দখল করার অভিযোগে এমপির তিন ভাইসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সুনামগঞ্জের দিরাই জোনের আমলগ্রহণকারী আদালতে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আমলগ্রহণকারী দিরাই আদালতের বিচারক মোঃ জসিম মামলাটি গ্রহণ করে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী কাওছার আলম। আদালতের পেশকার মুহিত লাল চন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে,নাছির উদ্দিন চৌধুরীর সৎ ছোট ভাই ও দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরীকে (মাসুক চৌধুরী), মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরী এছাড়াও দিরাই উপজেলার মাতারগাঁও গ্রামের আমিরুল ইসলাম, পুরাতন কর্ণগাঁও গ্রামের ছয়ফুল চৌধুরী, তল বাউসী গ্রামের দলিল লেখক মুজিবুর রহমান, কলিয়ার কাপনের তাজুল ইসলাম ও দিরাইয়ের মোহরার মমতাজ বেগম।
মামলায় উল্লেখ করা হয়,নাছির উদ্দিন চৌধুরীর সম্পত্তি থেকে তার দুই স্ত্রী ও সন্তানদের বঞ্চিত করে তা আত্মসাতের পরিকল্পনার অংশ হিসেবে ২০২২ সালের ২৫ জানুয়ারি দিরাই সাব-রেজিস্ট্রি অফিসের দুই কর্মচারীকে কর্মকর্তা সাজিয়ে নাছির চৌধুরীকে দলিলে স্বাক্ষর করতে বললে তিনি অসম্মতি জানান। তখন আসামিরা তার গলায় রামদা ঠেকিয়ে স্বাক্ষর না দিলে গলা কেটে হত্যার হুমকি দেয়।
নাছির চৌধুরীর অপর স্ত্রী (তৎকালীন সময়ে জীবিত) শেলী চৌধুরী অন্যায় এই ঘটনার প্রতিবাদ জানালে তাকে খুনের হুমকি দেন আসামি মিজানুর রহমান চৌধুরী। এতে আতঙ্কে শেলী চৌধুরী মেঝেতে ঢলে পড়েন।
এ ছাড়া ঘটনাটি দেখে ফেলায় নাছির চৌধুরীর সমর্থক ওয়াকিব হাসান নামের এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে ২০২২ সালের জানুয়ারি মাসে বাদী পারভীন আক্তার নাছির চৌধুরীর দিরাইয়ের বাড়িতে গেলে তিনিও মারপিট ও শ্লীলতাহানির শিকার হন।
এই বিষয়ে নাছির চৌধুরীর ছোট ভাই মঈন উদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) বলেন, মামলা হয়েছে কি না জানি না। আমাদের পারিবারিক কিছু ঝামেলা রয়েছে। মামলার বিষয়টি জানার পর আমরা আইনগতভাবেই মোকাবিলা করব।




























