সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের, নতুন ঘরে ওঠা হলো না নববধূর
- Update Time : ০৩:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ১৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মাস দেড়েক আগে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন সোনা মিয়া (২৮)। স্বপ্ন ছিল, অগ্রহায়ণের ১৫ তারিখে ধুমধাম করে নববধূকে নিজের নতুন ঘরে তুলে আনবেন। প্রিয় সঙ্গিনীর আগমন ঘিরে তিল তিল করে গড়ে তুলেছিলেন ইটের গাঁথুনির নতুন ঘর। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। তুচ্ছ বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি। নতুন ঘরে ওঠা হলো না নববধূরও। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মান্দাবাজ গ্রামে। নিহত সোনা মিয়া ওই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সরেজমিনে সোনা মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের কান্নায় ভারী হয়ে আছে পরিবেশ। সদ্য সন্তানহারা মা দিলারা বেগমের আহাজারিতে স্তব্ধ চারপাশ। নতুন সংসারের জন্য যত্ন করে তৈরি করা ঘরটি পড়ে আছে নিঃসঙ্গ। যে ঘরে নববধূর হাসিতে আনন্দমুখর হওয়ার কথা ছিল, সেখানে এখন কেবল স্বজনদের শোক আর দীর্ঘশ্বাস। পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে নিজের মামাতো বোনের সঙ্গে সোনা মিয়ার আক্দ সম্পন্ন হয়। নববধূ তখন বাবার বাড়িতেই ছিলেন। অগ্রহায়ণের ১৫ তারিখে তাঁকে আনুষ্ঠানিকভাবে নতুন ঘরে তুলে নেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু সেই আনন্দের আয়োজনের আগেই নেমে আসে শোক। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে লামাকাজী ইউনিয়নের দিঘলী দত্তপুর গ্রামের কাঞ্চন চক্রবর্তী ও পার্শ্ববর্তী মান্দাবাজ গ্রামের রুবেল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। রিকশায় করে লাকড়ি নিয়ে যাওয়ার সময় গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে এ বিরোধের সৃষ্টি হয় বলে জানা গেছে। নিহতের ছোট ভাই মো. মাসুম মিয়া জানান, আছরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে তা থামাতে এগিয়ে যান সোনা মিয়া। এ সময় দিঘলী দত্তপুর গ্রামের কাঞ্চন চক্রবর্তী, হেলেন চক্রবর্তী, যাদব ও কমলেশসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে সোনা মিয়ার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁর মৃত্যু হয়।
সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা দিলারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কত আশা আর স্বপ্ন নিয়া আমার ছেলেকে বিয়ে করিয়েছিলাম। ছেলের বউকে ঘরে তোলার আগেই তারা আমার বুকের ধনকে কেড়ে নিল। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।” বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই রাজা মিয়া বাদী হয়ে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি ১২ নভেম্বর ২০২৬ তারিখে ৬ নম্বর হিসেবে নথিভুক্ত হয়েছে। ইতোমধ্যে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




























