হারানো ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল এসএমপি
- Update Time : ০৫:২১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা (ডিবি) ও সাইবার ক্রাইম ইউনিটের প্রচেষ্টায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে জানা যায়, সিলেট মহানগরীর ছয়টি থানা এলাকা থেকে মোবাইল ফোন হারানোর ঘটনায় ভুক্তভোগীদের করা ১৩০টি সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে ডিবি ও সাইবার ক্রাইম ইউনিট। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উল্লেখ্য, মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে সিলেটে এ পর্যন্ত সর্বমোট ৪৪৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন পর হারানো শখের ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা এসএমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্যবহৃত মোবাইল ফোন বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস কেনার ক্ষেত্রে সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সিলেট মহানগর পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে: যেকোনো ডিভাইস কেনার সময় বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করতে হবে এবং ক্রয়-বিক্রয়ের রসিদ বা মেমো সংরক্ষণ করতে হবে। মোবাইল সেটের বডিতে উল্লিখিত IMEI নম্বরের সঙ্গে সেটের ভেতরের (সফটওয়্যার) IMEI নম্বর মিলিয়ে নিতে হবে। অনলাইন ও অপরিচিত উৎস বর্জন:** রাস্তাঘাটে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিংবা অনলাইন প্ল্যাটফর্ম—বিশেষ করে ফেসবুক থেকে অস্বাভাবিক কম দামে মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কারণ, এসব ফোন চোরাই কিংবা কোনো গুরুতর অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।




























