শাহজালাল (রহ.) মাজারের ‘অবৈধ কমিটি’ বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি
- Update Time : ০২:৩৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফের দানকৃত অর্থের অসাধু উপায়ে ভাগ-বাটোয়ারা বন্ধ এবং বিতর্কিত একতরফা কমিটি বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ‘একতাবদ্ধ সিলেটবাসী’-র আয়োজনে কোর্ট পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফ সমগ্র মুসলিম উম্মাহ ও সিলেটবাসীর আবেগ এবং শ্রদ্ধার প্রতীক। ভক্ত ও সাধারণ মানুষের দান করা অর্থ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পকেটে যাওয়ার সুযোগ নেই। একটি কুচক্রী মহল অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই পবিত্র আমানতের টাকা আত্মসাৎ করছে। বক্তারা আরও বলেন, বর্তমান মাজার কমিটি একতরফাভাবে গঠন করা হয়েছে, যা মাজারের ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। সাধারণ ধর্মপ্রাণ মানুষ এই অনিয়ম কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে এই ‘অবৈধ ও একতরফা’ কমিটি বাতিল করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। একতাবদ্ধ সিলেটবাসীর প্রতিষ্ঠাতা সদস্য ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে এবং সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও একতাবদ্ধ সিলেটবাসীর প্রতিষ্ঠাতা সদস্য মইনুল ইসলাম আশরাফীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— এহছানুল হক তাহের, এম এ রহিম, আলহাজ্ব মোক্তার আহমদ তালুকদার, টিপু চৌধুরী, হুমায়ুন রশীদ চৌধুরী, রুবেল আহমদ, এম এ রবিউল, মো. তোফায়েল আহমদ, আশরাফুল ইসলাম, জুলাই যোদ্ধা আব্দুশ শহীদ খান, আমিনুল ইসলাম বকুল, হাবিবুর রহমান হাবিব, ইমতিয়াজ রহমান ইনু, মাওলানা শফিকুর রহমান, মো. কামাল মিয়া, মীর মোহাম্মদ নাজিম উদ্দিন, ইমরান হোসাইন, মো. জামিল আহমদ লিটন, হাজী মো. আশরাফ আলী, শিপলু আহমদ, মনোয়ার হোসাইন, এসএ আলী জালালাবাদী, মো. জয়নাল আবেদীন, মো. মুজিবুর রহমান, মো. মাহফুজুর রহমান ও এম খাইরুল ইসলামসহ আরও অনেকে। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন এবং মাজারের অর্থ তছরুপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।




























