রাজনীতির জন্য দ্বীন বিসর্জন দেব না: জমিয়ত সভাপতি উবায়দুল্লাহ ফারুক
- Update Time : ০১:২৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
- / ১৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিলে মাওলানা ইসহাক কামালকে সভাপতি এবং মাওলানা চৌধুরী নাসির আহমদকে সাধারণ সম্পাদক করে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে ৬১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মাওলানা সোলাইমান মাদানী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা আতাউর রহমানকে নির্বাচিত করা হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজ নবগঠিত এই কমিটি ঘোষণা করেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, আমাদের প্রথম দায়িত্ব হলো ইলমে ওহীকে সংরক্ষণ করা। রাজনৈতিক স্বার্থে আকিদা ও দ্বীনের বিষয় আড়াল করার কোনো প্রতারণার রাজনীতি আমরা করি না। যারা এমন করে, তাদের মুখোশ উন্মোচন করতে হবে। রাজনীতি করতে গিয়ে আমরা দ্বীনের হালাল-হারাম বিসর্জন দেব না, ভাইরাল হওয়ার রাজনীতি করব না এবং বাতিলের সঙ্গে আপস করব না। তিনি আরও বলেন, যুব জমিয়ত শুধু ওলামায়ে কেরামের সংগঠন নয়; এতে ব্যবসায়ী, তরুণ ও সাধারণ দ্বীনদার মানুষকে সম্পৃক্ত করে প্রতিটি স্তরে শক্তিশালী কমিটি গঠন করতে হবে।
জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী তাঁর বক্তব্যে বলেন, ১৯৭১ সালে আমাদের ভাইয়েরা বুকের রক্ত দিয়েছেন, ২০২৪ সালেও ছাত্র-জনতা জীবন দিয়েছেন। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কোনো বৈষম্য, জুলুম, শোষণ ও বঞ্চনা থাকবে না। দেশের অর্থনীতি ও জনজীবনকে সংকটমুক্ত করতে সার, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস সংকট নিরসনে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অতীতে যেমন ১৯৭১-এর অর্জনকে এককভাবে পকেটবন্দি করার চেষ্টা হয়েছিল, আজও ২০২৪-এর অবদান পকেটবন্দি করার চেষ্টা চলছে। আমরা কোনো ইতিহাস বিকৃতি হতে দেব না। সব বিভাজনের দেয়াল ভেঙে বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হবে যুব জমিয়তের অঙ্গীকার। বিদায়ী সভাপতি মাওলানা তাফহীমুল হকের সভাপতিত্বে এবং মাওলানা সুলাইমান মাদানী ও মাওলানা চৌধুরী নাসির আহমদের যৌথ সঞ্চালনায় সম্মেলনে জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শেখ মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা আব্দুল মালেক চৌধুরী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারীসহ ছাত্র ও যুব জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ দ্বীন ও দেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন।




























