মোবাইল চুরিকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত- ২৫
- Update Time : ০৮:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে শিশুসহ ২৫ জন আহত হয়েছেন সুনামগঞ্জের দোয়ারা বাজারে। আহতদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পর এলাকায় পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি শান্ত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নৈনগাঁও গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে পশ্চিম নৈনগাঁওয়ের জব্বার আলীর বাড়িতে সিঁধ কেটে চোর ঢুকে। চোরেরা জব্বার আলীর পরিবারের সদস্যদের তিনটি মোবাইল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গ্রামের আব্দুল মছব্বিরেরর ছেলে শালনীনকে সন্দেহজনক ভাবে ধরে এনে মারপিঠ করে পুলিশে দেয় আব্দুল মছব্বিরের লোকজন। পুলিশ মোবাইল চুরির বিষয়ে নিশ্চিত না হওয়ায় ইয়াবা সেবনের মামলা দিয়ে কোর্টে সোপর্দ করে শালনীনকে।
একই ঘটনায় আজ শনিবার বেলা ১১ টায় জব্বার আলীর চাচা রফিক আলী, ছেলে আলামিন যায় আব্দুল মছব্বিরের ভাই সেলিম আহমেদ ধরে আনতে। ওখানে বাকবিতন্ডার এক পর্যায়ে সেলিম আহমদকে রামদা দিয়ে কোপানো হয়। এসময় সেলিমের পক্ষ নেয় মহল্লাবাসি। শেষে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। সংঘর্ষস্থল থেকে পুলিশ দেশীয় অস্ত্র উদ্ধার করে নিয়ে আসলেও কাউকে গ্রেপ্তার করতে পারে নি।
দোয়ারা থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানালেন, ঘটনার পরপর পুলিশ যাওয়ায় পরিস্থিতি শান্ত আছে। সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জনের মতো আহত হয়েছে বলে জানান তিনি। কেউ বেলা সাড়ে তিনটা পর্যন্ত থানায় মামলা করতে যায় নি।




























