বিশ্বনাথে ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- Update Time : ১০:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ‘এসো কুরআনের আলোয় আলোকিত হই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতার বাছাই পর্ব, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ জোহর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে ‘হুফফাজুল কুরআন ফাউন্ডেশন’ বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। আয়োজকরা জানান, দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিশ্বনাথ উপজেলার ২৫টি মাদ্রাসার হিফজ বিভাগের ১২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন গ্রুপে বিজয়ী সেরা ক্ষুদে ক্বারী ও হাফেজদের মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট), সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি হাফিজ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমেদ বিশ্বনাথী। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে কুরআনি শিক্ষার কোনো বিকল্প নেই। এ ধরনের প্রতিযোগিতা শিশু হাফেজদের আত্মবিশ্বাস বৃদ্ধি করার পাশাপাশি সমাজজুড়ে কুরআনের চর্চা ও সংস্কৃতি ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখবে। সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু ইউসুফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামেয়া মুহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান ও হেফাজতে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সদস্য সচিব কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সিলেট জেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি হাফিজ ক্বারী আখতার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা হাতেম আহমেদ ও প্রচার সম্পাদক হাফিজ ক্বারী রিফাত হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আনসারুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজ জুনাইদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ রায়হান আহমদ, প্রচার সম্পাদক আবু ইউসূফ, সহ-অর্থ সম্পাদক হাফিজ কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফিজ সিয়াম আহমদ এবং আল আরাবিয়া সুবহানিয়া মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা মুখতার আহমদসহ স্থানীয় উলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দেশ ও প্রবাস থেকে যেসব শুভাকাঙ্ক্ষী আর্থিক ও সার্বিক সহযোগিতা করেছেন, আয়োজকদের পক্ষ থেকে তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। সবশেষে জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ার শিক্ষার্থী রাফি আহমদের সুমধুর কুরআন তেলাওয়াত এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ-শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




























