পাওনা টাকা নিয়ে বিরোধে হামলায় কিশোরী নিহত, আহত ১
- Update Time : ১১:২৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের হামলায় মিতা বেগম (১৬) নামের এক কিশোরী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই পৌর শহরের নতুন বাগবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নিহতের ফুফাতো ভাই উজ্জ্বল মিয়া (২০) গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নতুন বাগবাড়ি গ্রামের আলাল মিয়ার ছেলে অলি মিয়া এবং মারুফ মিয়ার সঙ্গে উজ্জ্বল মিয়ার ঘর ভাড়ার পাওনা টাকার জামিনদার সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরোধ ছিল। শুক্রবার বিকেলে উজ্জ্বল মিয়া তার পাওনা টাকা চাইতে গেলে দিরাই-মদনপুর সড়কে অলি ও মারুফ তাকে বেধড়ক মারধর করে। এই খবর পেয়ে উজ্জ্বল মিয়ার মামাতো বোন মিতা বেগম প্রতিবেশী অলি ও মারুফের খালাতো ভাই টিটু মিয়ার বাড়িতে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে টিটু মিয়া, তার স্ত্রী ও সহযোগীরা দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে মিতা বেগমের ওপর হামলা চালায়। গুরুতর আহত মিতা বেগমকে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে, আহত উজ্জ্বল মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।




























