‘এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন এ অঞ্চলের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক’
- Update Time : ১০:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠক করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজ। সোমবার (২ নভেম্বর) রাতে ইউনিয়নের কিরণপাড়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক গ্রামবাসী অংশ নেন। এলাকার মুরব্বি ফিরোজ আলী ফকিরের সভাপতিত্বে ও মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজ। বক্তব্যে আব্দুল আজিজ বলেন, কিরণপাড়াসহ বাংলাবাজার ইউনিয়নের প্রতিটি মানুষ আমার আপনজন। ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমার এগিয়ে চলার প্রধান প্রেরণা। তিনি বলেন, ইউনিয়নবাসীর দীর্ঘদিনের নানা সমস্যা ও ভোগান্তি দূর করে এলাকার টেকসই ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে নয়, দীর্ঘদিন ধরেই এলাকার সাধারণ মানুষের পাশে আছি। ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়ন, ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার এবং হতদরিদ্র মানুষের কল্যাণে ব্যক্তিগত তহবিল থেকে নিয়মিত সাধ্যমতো অনুদান দিয়ে আসছি। আগামীতেও এই সেবামূলক ধারা অব্যাহত থাকবে। ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বের প্রশংসা করে আব্দুল আজিজ বলেন, এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন এ অঞ্চলের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক। তাঁর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে এলাকায় যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে, জনগণের ভোটে নির্বাচিত হলে তাঁর হাত ধরেই বাংলাবাজার ইউনিয়নকে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তি তোফাজ্জল হক, কোরবান আলী, আব্দুর রহিম, আবুল হোসেন, আলম মিয়া, নুর হোসেন, নুরুল ইসলাম, বাচ্চু মিয়া, হাবিজ উদ্দিন, মহন মিয়া, শহিদ মিয়া ও আবু তালিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মতবিনিময় সভায় উপস্থিত এলাকাবাসী আগামী নির্বাচনে আব্দুল আজিজের প্রতি তাঁদের পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।



























