নাগরিক নিরাপত্তায় কোনো দীর্ঘসূত্রতা বরদাশত করা হবে না: বাণিজ্যমন্ত্রী
- Update Time : ১১:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের ক্রমবর্ধমান নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা ও নাগরিক নিরাপত্তায় সিলেট সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজ নির্ধারিত ১৫ মাসের মধ্যেই সম্পন্ন করার কঠোর নির্দেশ দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সিলেট সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। বাণিজ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পের সঙ্গে একটি বিস্তৃত জনপদের নিরাপত্তা ও জানমালের সুরক্ষার বিষয় জড়িত। তাই নির্মাণকাজে কোনো ধরনের দীর্ঘসূত্রতা বা ঢিলেমি বরদাশত করা হবে না। নির্ধারিত ১৫ মাসের সময়সীমা শতভাগ বজায় রাখার পাশাপাশি অবকাঠামোর নির্মাণশৈলী ও সেবার মান আন্তর্জাতিক মানের হতে হবে।
তিনি আরও বলেন, সিলেটের সঙ্গে বহির্বিশ্বের নিবিড় যোগাযোগ রয়েছে এবং অঞ্চলটি অত্যন্ত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই বাস্তবতায় অগ্নিনিরাপত্তাসহ যেকোনো জরুরি সেবা আধুনিক ও কার্যকর করা সময়ের দাবি। ফায়ার সার্ভিসের সক্ষমতা ও লজিস্টিক সহায়তা বাড়ানো গেলে বড় ধরনের অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সাড়া দিয়ে ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব।
দুর্যোগকালীন সময়ে ফায়ার সার্ভিস কর্মীদের অবদানের কথা স্মরণ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের সদস্যরা যে ত্যাগ স্বীকার করেন, তা অনন্য। তবে অনেক সময়ই তাদের এই বীরত্বপূর্ণ অবদান যথাযথ স্বীকৃতি পায় না। সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে একটি আধুনিক ও বিশ্বমানের জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানে রূপান্তর করতে বদ্ধপরিকর।
একই সাথে তিনি সেবাপ্রাপ্তির প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার তাগিদ দিয়ে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়ের আহ্বান জানান।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার এবং গণপূর্ত অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




























