এজেন্সির গাফিলতি হজে যেতে পারছেন না ৭৮০ জন
- Update Time : ০৬:০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ আগস্ট ২০১৮
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার সাতশ’ ৯৮ জনের মধ্যে ভিসা হয়েছে ছয় হাজার সাতশ’ ৮৪ জনের। তাই সরকারি ব্যবস্থাপনায় ১৪ জনের ভিসা হয়নি। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জনের মধ্যে এক লাখ ১৯ হাজার ২৫১ জনের ভিসা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় ৭৪৯ জনের ভিসা হয়নি। একই সঙ্গে হাব সদস্য
এক হাজার ২৭০ জনের বিপরীতে এক হাজার দুইশ’ ৫৩ জনের ভিসা হয়েছে। সব মিলিয়ে ৭৮০ জনের ভিসা হয়নি।
তাই এদের এ বছর হজে যাওয়া হচ্ছে না। তবে এদের মধ্যে কেউ কেউ মৃত্যু, শারীরিক অসুস্থতা বা পারিবারিক কারণেও হজে যেতে পারছেন না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের হজ ব্যবস্থাপনায় এয়ার লাইফ ইন্টারন্যাশনাল, খাজা ট্রাভেলস, ইস্টার্ন ট্রাভেলস, হক ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, মাদার ট্রাভেলস ইন্টারন্যাশনাল, আদ-দীন ইন্টারন্যাশনাল, কনওয়ে ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, শাহ মহসেন আওলিয়া নইমিয়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল অ্যান্ড কাফেলা, এম্বাসি ট্রাভেলস, দারুল ইহসান হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল মারসুস ইন্টারন্যাশনাল ও মোতালেব হজ সার্ভিসসহ আরো বেশ কয়েকটি এজেন্সি তাদের কথামতো হজযাত্রী সৌদি আরবে পাঠায়নি। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যেসব এজেন্সি হজযাত্রী পাঠাতে দেরি করেছে বা বিমানের টিকিট কাটেনি তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপরও অনেক এজেন্সি প্রতারণার আশ্রয় নেয়।
তারা প্রতিশ্রুতি অনুযায়ী হজযাত্রী পাঠাননি। এদিকে গত শুক্রবার পর্যন্ত মোট ১০টি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রী না পাওয়ায় এবং হজ এজেন্সিগুলো তাদের যাত্রীদের টিকিট কনফার্ম না করায় হজ ফ্লাইটগুলো বাতিল করতে হয়। হজ অফিস সূত্রে জানা গেছে, হজের জন্য নিবন্ধন করলেও ভিসা জটিলতা, অসুস্থতা এবং ব্যক্তিগত নানা কারণে বাংলাদেশ থেকে এবার ৬২৭ জন হজে যেতে পারছেন না। গত বছর ভিসা জটিলতায় যাত্রী না পেয়ে ২৪টি হজ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল বিমান। তাতে ৪০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় রাষ্ট্রায়ত্ত এই বিমান পরিবহন সংস্থা। বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৬ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পেয়েছেন। এর মধ্যে ৬ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১ লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার কথা রয়েছে। সুত্র: মানবজমিন





























