অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে- এমপি নাছির চৌধুরী
- Update Time : ০৭:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদের নিয়ে একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় থানা পয়েন্টে আয়োজিত ‘জুলাই স্মরণ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের অভ্যন্তরীণ বিভক্তি ও অন্য একটি পক্ষের পাল্টা কর্মসূচির সমালোচনা করে নাছির চৌধুরী বলেন, আজকের এই সমাবেশই প্রকৃত বিএনপির সমাবেশ। যারা ৮ আগস্ট বিএনপির নামে আলাদা সমাবেশ করতে চাচ্ছে, তারা মূলত দলে বিভক্তি সৃষ্টি করতে চায়। এদের সম্পর্কে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য নাছির চৌধুরী বলেন, আমার কোনো ভাই নেই, আমি একাই। আমার বাসা কেড়ে নেওয়া হয়েছে। একটি মহল দুর্নীতির সুযোগ না পেয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাকে নিয়ে রটানো হচ্ছে যে আমি নাকি লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছি। যারা এসব ভিত্তিহীন অভিযোগ করেন, তারা সাহস থাকলে ইউএনওর কাছে গিয়ে বাজেটের সঠিক তথ্য জেনে আসুন।” তিনি আরও বলেন, “আমি যতদিন বেঁচে আছি, কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, বিএনপি নেতা কবির মিয়া, গোলাপ মিয়া, জালাল মিয়া, নুরুল হক তালুকদার, মুজিবুর রহমান তালুকদার, আবু সাঈদ চৌধুরীসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



























