ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে মা-ছেলেসহ তিনজন ছুরিকাহত
- Update Time : ০৮:৪৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে দুপক্ষের মা ও ছেলেসহ তিনজন আহত হয়েছেন। সোমবার রাতে বগুড়া শহরের মালগ্রাম রানা স্টোরের সামনে এ ঘটনা ঘটে। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকালে বগুড়ার স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কামরুজ্জামান জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আহতরা হলেন- বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার মৃত রানা পাইকারের ছেলে রিয়াদ পাইকার (১৬), রিয়াদের মা রিতা বেগম (৩৫) ও প্রতিপক্ষের মো. ইব্রাহিমের ছেলে মো. আরাফাত (২২)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ফেসবুকে একটি পোস্ট দেওয়া নিয়ে আরাফত ও রিয়াদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে সোমবার রাতে শহরের মালগ্রাম এলাকায় রানা স্টোরের সামনে একে অপরকে ছুরিকাঘাত করে। এ সময় রিয়াদের মা রিতা বেগম এগিয়ে এলে তিনি আরাফাতের ছুরিকাঘাতের শিকার হন। পরে আত্মীয়স্বজনরা রক্তাক্ত তিনজনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। বগুড়ার স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কামরুজ্জামান জানান, ফেসবুকে একটি পোস্ট দেওয়া নিয়ে রিয়াদ ও আরাফাতের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে একে অপরকে ছুরিকাঘাত করে। রিয়াদের মা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়েছে। বর্তমানে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ কর্মকর্তা আরও জানান, দুপক্ষেই মামলা হতে পারে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




























