জুলাই তুমি স্বাধীন সকাল তুমিই বাংলাদেশ: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি আজ
- Update Time : ০৩:২২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
এক জুলাইয়ে যারা রাজপথে ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেন, তারা কি এখন ক্ষমতার রাজনীতির প্রতিযোগিতায় নেমে একে অপরকে নিশানা বানাচ্ছেন। এর ফলে গণ-অভ্যুত্থানের শক্তিরা কি স্বাধীনতা ও মানবতার ‘কমন শত্রুকে’ ভুলে গেল। জাতির বুকের ওপর ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়া আওয়ামী দুঃশাসনকে ফিরিয়ে আনতে আমরা কি ‘কঠিন সময় এবং শত্রুর’ সঙ্গে গোপনে আপস ও আঁতাতের নোংরা রাজনীতি করছি। এসব প্রশ্ন যতই কঠিন কিংবা হোক না নিমর্ম-তবু আমাদের প্রতিনিয়ত করতেই হবে বৈকি। আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের সবার জন্য ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি হাসিমুখে জীবন দিয়ে নতুন এক ইতিহাস লিখে গেছে দেওয়ালে দেওয়ালে।
আমরা কি এখন জুলাই যোদ্ধাদের মাত্র কিছু অংশের বেইমানি আর খারাপ কাজের দৃষ্টান্ত দেখে হতাশ? সংস্কারের নামে জনগণের আসল বন্দোবস্ত বাদ দিয়ে আমরা কি শুধু বারোটি মাস হেলা-অবহেলায় হারিয়ে ফেললাম? না আমরা যা চিবুতে পারব না জেনেও একসঙ্গে অনেক কিছু গিলে ফেলার অপচেষ্টা করে যাচ্ছি। এসব প্রশ্নের সব উত্তর হয়তো এখনো আমরা জানি না। কিন্তু আমাদের প্রত্যেককে অক্ষরে অক্ষরে মনে রাখতে হবে-চব্বিশের বর্ষা বিপ্লব এ দেশের কোটি কোটি দেশপ্রেমিক মানুষের বুকের মধ্যে সাহসের যে আগুন জালিয়ে দিয়েছে, তা আর কোনোদিন নিভে যাবে না। নেভানোও যাবে না। সীমাহীন বৈষম্যকবলিত অত্যাচারিত ও শোষিত মানুষ রাজপথে শোষকের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে যে অমিত সাহসের বীজ বুনে গিয়েছে, তা কেউ আর রুদ্ধ করতে পারবে না কোনোদিন। সাধারণ মানুষ এখন শিখে গেছে কীভাবে ক্ষমতাকে প্রশ্ন করতে হয়, কীভাবে শোষকের টুঁটি চেপে ধরতে হয়। বাংলার ঘরে ঘরে এখন কোটি কোটি বিপ্লবী। যে তরুণ মেধাবী যুবক একসময় গভীর হতাশা থেকে শুধু দেশ ছেড়ে যেতে ব্যস্ত ছিল, সে এখন শ্রেষ্ঠ দেশপ্রেমিক। তারা এখন দেশ ছেড়ে আর যাবে না, দেশকে আরও বেশি করে ভালোবাসতে চায় নতুন এক প্রজন্ম। ভোট দিতে চায়, বানাতে চায় দেশ পরিচালনার আইনি সেবক।
ফলে গেল এক বছরে আমাদের অনেক না পাওয়ার বেদনা থাকতে পারে, জমতে পারে নানা যৌক্তিক প্রশ্ন ও হতাশা। তবু নতুন এক বন্দোবস্তের পথে দেশ এগিয়ে যাক। দূর হোক আধিপত্যবাদ। বিপ্লবের চেতনায় জেগে উঠুক কাঙ্ক্ষিত গণতন্ত্র, প্রতিষ্ঠিত হোক নির্ভেজাল চিরস্থায়ী ভোট ও ভাতের অধিকার। অকল্যাণের অশুভ পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হোক সব সাংবিধানিক প্রতিষ্ঠান। জয় হোক নিপীড়িত মানুষের, জয় হোক জনতার। এই কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিতে যেতে হবে এখনো বহুদূর। তবে ক্লান্তিহীন এ পথের যাত্রা সহজ ও মসৃণ করতে এখন সবার আগে বেশি প্রয়োজন অবাধ, সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচন। জাতীয় নির্বাচন। সব বাধা ও ষড়যন্ত্র দূর করতে প্রয়োজন শুধু জনগণের ভোটে নির্বাচিত সরকার। জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে যুগান্তরের কাছে এভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে জুলাই যোদ্ধা, বিশ্লেষক ও পর্যবেক্ষক মহলের অনেকে।




























