সুনামগঞ্জে আসছেন মামুনুল হক
- Update Time : ০১:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ফের সুনামগঞ্জের জামালগঞ্জে আসছেন হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। খাদিমুল কুরআন মহিলা মাদরাসায় ২১ মার্চ খতমে বুখারি ও ইসলামী মহা সম্মেলনের আমন্ত্রিত অতিথি হিসেবে বাদ জোহর বক্তব্য রাখবেন তিনি। জামালগঞ্জ হেলিপ্যাড মাঠে সমাবেশ সফলের লক্ষে পোস্টারিং, লিফলেট বিলি করা হচ্ছে। আর এসব লিফলেট-পোস্টারে আমন্ত্রিত অতিথি হিসেবে নাম আছে- জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার (সাজিব), জামালগঞ্জ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহিদুল ইসলাম সুহেলের। নাম আছে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীরও। আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যানের নাম দেয়া হলেও তারা এখন তা অস্বীকার করছেন এবং থানায় জিডিও করছেন। অনুমতি না নিয়ে হেফাজতের সমাবেশের পোস্টারে জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর নাম ব্যবহারের কারণে বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে তিনি থানায় জিডি করেন।
উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ বলেন, মাদরাসার মুহতামিম কাউসারকে ডাকিয়ে নিয়ে বলেছি যে আমার নাম পোস্টার থেকে কাটার জন্য। এ ব্যাপারে আর কিছু জানি না। এই ওয়াজের সাথে আমার কোনও সম্পৃক্ততা নেই। না জানিয়ে নাম দেয়ার কারণে ইউএনও ডিসি ও পুলিশ প্রশাসনকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ করেছি। পোস্টারে নাম দেয়া আরেক অতিথি সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মুকিত চৌধুরী বলেন, আমি কয়েক মাস ধরে অসুস্থ। সিলেটে চিকিৎসা নিচ্ছি। পৌস্টারে নাম দেয়ার ব্যাপারে কেউ আমার সাথে যোগাযোগই করেনি। এই মাহফিলের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীও জানান, তার অনুমতি না নিয়েই পোস্টারে নাম দেয়া হয়েছে। এজন্য আমি জামালগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেছি। আয়োজক কমিটির সদস্য ও খাদিমুল কুরআন মহিলা মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা কাওছার আহমদ জানান, অনেকের অনুমতি নিয়ে নাম ব্যবহার করা হয়েছিল। আবার অনেকের নাম দেয়ার পরে অনুমতি নেয়া হয়েছিল। আমরা এখন তাদের নাম ব্যবহার করবো না। আর মোহাম্মদ আলীর নাম রাখা হয়েছে মাদরাসার সভাপতি হিসেবে। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। তিনি বলেন, সমাবেশের জন্য অনুমতি নেয়ার কোনও আবেদন আমার কাছে আসেনি। জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বলেন, পোস্টারে নাম দেয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছিল। সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা এই পরিস্থিতিতে ধর্মীয় কোনও সভা সমাবেশের অনুমতি দিবও না।





























