শাল্লায় বাড়িঘরে হামলা- ভাংচুরে গ্রেফতার-২২, চেয়ারম্যানের মামলায় মেম্বারসহ আসামী ৮০
- Update Time : ০৪:৫৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হামলা ও লুটপাটের ঘটনায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত গ্রামে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শাল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় দু’টি মামলা হয়েছে, এর মধ্যে একটি পুলিশ বাদী হয়ে, অন্যটি হবিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বাদী হয়ে করেছেন। দুই মামলায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের করা মামলায় ৮০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। এদিকে পুলিশের করা মামলায় দেড় হাজার জনকে আসামি করা হয়েছে। আসামিদের সবাইকে অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে। বুধবার (১৮ মার্চ) শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ৮৭টি হিন্দুবাড়িতে হামলা চালানো হয়। এসব বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকার নিয়ে যায় হেফাজতের কর্মী-সমর্থকরা।
জানা যায়, বৃহস্পতিবার রাতে হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল প্রথম মামলাটি করেন। এতে প্রধান আসামি করা হয়েছে দিরাইয়ের তাড়ল ইউনিয়নের সদস্য স্বাধীন মিয়াকে। মামলার বাদী ইউপি চেয়ারম্যান বিকেকান্দ মজুমদার বকুল বলেন, ‘আমরা এ হামলার ঘটনায় ব্যথিত। তারপরও আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা গ্রামবাসীর পক্ষ থেকে মামলা করেছি।’ প্রসঙ্গত, গত ১৫ মার্চ হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা যুগ্ম মহাসচিব মামুনুল হক সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে শানে রিসালাত সম্মেলনে বক্তব্য রাখেন। ওই দিন রাতে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গোপেন্দ্র দাসের ছেলে ঝুমন দাস আপনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মামুনুল হককে নিয়ে দেওয়া একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে সমালোচনা শুরু হলে ঝুমন দাসকে পরদিন রাতে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই রাতে প্রতিবাদ মিছিল করে এলাকাবাসী। পরদিন বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৮টার পর থেকে নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। এতে প্রায় ৮৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।





























