দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০
- Update Time : ০৩:০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৪ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামের আরজু খান ও ফিরোজ মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফিরোজ মিয়ার পক্ষে গুলিবিদ্ধ তহুদ ইসলাম (১৮), আব্দুল হক (৪২), নাহিদ (২০) ও আরজু খান পক্ষের এহিয়া খানকে (৬৫) গুলিবিদ্ধ অবস্থায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের প্রবাসী আরজু খান ও ফিরোজ মিয়ার লোকজনের মধ্যে পূর্ববিরোধ চলে আসছে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে একাধিকবার গোলাগুলি, অগ্নিসংযোগসহ সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। দিরাই থানায় উভয় পক্ষের ডজনখানেক মামলা রয়েছে। রোববার স্থানীয় নগদীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে আরজু খানের পক্ষের নজরুল খানকে (৪৫) রাস্তায় প্রতিপক্ষের লোকজন হামলা করে পা ভেঙে দেয়। সোমবার সন্ধ্যায় দুইপক্ষের লোকজন গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ চারজনসহ ২০ জন আহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিদ্যুৎ রঞ্জন দাস জানান, গুলিবিদ্ধ ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, উভয়পক্ষের ৪-৫ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। গ্রামটি উপজেলা সদর থেকে অনেক দূরে। গ্রামের পরিবেশ স্বাভাবিক রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।





























