সুনামগঞ্জে প্রথম করোনা টিকা নেবেন ডা. রফিকুল ইসলাম
- Update Time : ০৩:৩২:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জে প্রথম ব্যক্তি হিসেবে করোনাভাইরাসের ভ্যাকসিন (টিকা) নেবেন সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। তিনি বলেন, ‘সুনামগঞ্জে সর্বপ্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন নেবেন সদর হাসপাতালের আরএমও ডা. রফিকুল ইসলাম। রোববার (৭ ফেব্রুয়ারি) তিনি এ টিকা নেবেন। তিনি টিকা নিতে আগ্রহী। আমি মনে করি, এটা সুনামগঞ্জের মানুষের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে।’ প্রথম টিকা নেয়া প্রসঙ্গে সুনামগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘আমি করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়ার জন্য প্রস্তুত। আমার কোনো ভয় নেই বরং আগামীকাল প্রথমে করোনার টিকা নিতে পারব ভেবে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে। আমি সুনামগঞ্জের মানুষকে বলতে চাই গুজবে কান দেবেন না। করোনার টিকাই পারে আমাদের নিরাপদ রাখতে, করোনা থেকে বাঁচাতে।’ তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, যার উদ্যোগে আমরা করোনা ভ্যাকসিন পেয়েছি। তার কাছে স্বাস্থ্য বিভাগ চিরকৃতজ্ঞ।





























