ছাতকে নিরীহ হিন্দু পরিবারের জমি জোর দখলের পায়তারা
- Update Time : ০৩:১৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে এক নিরীহ হিন্দু পরিবারের ৬ শতক ভূমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে এক প্রভাবশালী চক্র। উপজেলার ছাতক সদর ইউনিয়নের মানসীনগর গ্রামের মৃত ধীরেন্দ্র দাসের পুত্র বীরেন্দ্র দাসের নামীয় এ ভূমি জোর দখল করতে বিভিন্ন প্রক্রিয়া অব্যাহত রেখেছে রাতগাঁও গ্রামের সুরুজ আলী। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। গত বুধবার থেকে মানসীনগর মৌজার বীরেন্দ্র দাসের রেকর্ডীয় ও দখলীয় ৬ শতক ভূমিতে মাটি ভরাট করে যাচ্ছে রাতগাঁও গ্রামের সুরুজ আলী ও তার পুত্র মিজানুর রহমান। ভূমিতে মাটি ভরাটে বাঁধা দিলে সুরুজ আলী ও তার লোকেরা বীরেন্দ্র দাসকে ভয়ভীতি প্রদর্শন করে হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় বীরেন্দ্র দাস বাদী হয়ে বৃহস্পতিবার সুরুজ আলী ও তার পুত্র মিজানুর রহমানের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ছাতক থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





























