ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে বিজয়ী সুজন মিয়া
- Update Time : ১০:৪২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকের দক্ষিন খুরমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে টানা বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলার মধ্যে প্রথমবারের মতো ইভিএম ভোটিং পদ্ধতিতে এ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এ ওয়ার্ডে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সুজন মিয়া। এ ওয়ার্ডে মোট ১৬৯৭ ভোটারের মধ্যে ১১৮৬ জন ভোটার ভোট প্রয়োগ করেছেন। উপ-নির্বাচনে প্রার্থী ছিলেন পাঁচজন। এর মধ্যে মোরগ প্রতীকে ৪২৬ ভোট পেয়ে বিজয়ী হন সুজন মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দী অলক সামন্ত টিবওয়েল প্রতীকে পেয়েছেন ৩৭০ ভোট। এদিকে তালা প্রতীক নিয়ে আশকর আলী ২৭০, ফুটবল প্রতীক নিয়ে হেলিম উদ্দিন ৭২ ও বৈদ্যুতিক পাখা প্রতীকে আলাল হোসেন পেয়েছেন ৪৮টি ভোট। জাতুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ৪ টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন ছাতক উপজেলা সমাজসেবা অফিসার শাহ শফিউর রহমান। ছাতক থানার এসআই ইমতিয়াজ সরকার, এসআই মঈন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্যরা কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন। দুপুরে ছাতক সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন, অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। দক্ষিণ খুরমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য কৃপেশ চন্দ্র দাস গত ৫ মে মৃত্যুবরণ করায় এ ওয়ার্ডে সদস্য পদ শূন্য হয়।





























