বালাগঞ্জে গৃহপরিচারিকাকে ধর্ষণ: প্রবাসী আটক
- Update Time : ০২:৫০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বালাগঞ্জে গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে উপজেলার বড়চর গ্রামের ছফি মিয়ার ছেলে রাজা মিয়া (৩৬) নামের এক প্রবাসীকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বালাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তুরণ মিয়া জানান, বিগত প্রায় ৩-৪ বছর ধরে বড়চর গ্রামের রাজা মিয়ার বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আসছে পাশ্ববর্তী বাড়ির এক কিশোরী। তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে সৌদি ফেরত বিবাহিত রাজা মিয়া তার নিজ ঘরে ওই কিশোরীকে ধর্ষণ করেছেন বলে ভিকটিম ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। রোববার বিকেলে ভিকটিম ওই কিশোরীসহ তার বাবা-মা আমাকে ঘটনাটি অবগত করেন। এরপর বালাগঞ্জ থানায় গিয়ে তারা পুলিশকে ঘটনাটি জানান।
বালাগঞ্জ থানার একদল পুলিশ ইলাশপুর বাজার বণিক সমিতির সভাপতি মসই মিয়াকে সাথে নিয়ে রাজা মিয়ার বাড়িতে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজা মিয়ার ঘরে প্রবেশের গেইট তালাবদ্ধ করে রাখেন। এসময় গ্রামের লোকজন সেখানে জড়ো হন। প্রায় এক ঘন্টা পর গেইটের তালা খুলে দেয়া হলে রাত ১০টার দিকে ঘরে প্রবেশ করে অভিযুক্ত রাজা মিয়াকে আটক করে পুলিশ।
এ বিষয়ে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, ভিকটিককে জিজ্ঞাসাবাদ ও তার জবানবন্দি নেয়া হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





























