সিলেটে নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে আহত তিন শিক্ষার্থী
- Update Time : ০৬:১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সিলেট নগরীর নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন তিন শিক্ষার্থী। সোমবার কথাকাটাকাটির জের ধরে একই বিশ্ববিদ্যালয়ের আরো ক’জন শিক্ষার্থী তাদের ছুরিকাঘাত করে। হামলাকারীরা ছাত্রলীগ কর্মী বলে জানা যায়।
হামলায় আহত হন বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তাজেদুল হক, মাজারুল ইসলাম মিয়াদ ও মোস্তাক আহমদ। এদের মধ্যে তাজেদুলের অবস্থা আশঙ্কাজনক। আহত তিনজনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী আশিক আহমদের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে সংস্লিষ্ট সূত্র জানায়।
নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রথিন্দ্র চন্দ্র গোপ বলেন, কথা কাটাকাটির জের ধরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই হামলার ঘটনা ঘটে। আশিক আহমদ নামে এক হামলাকারীকে সনাক্ত করা গেছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহারিয়ার আলম সামাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে হাতাহাতি হয়েছিলো। এতে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার সময় আমরা কাছাকাছিই ছিলাম। হট্টগোল শুনে ক্যাম্পাসের ভেতরে গিয়ে দুই পক্ষকে শান্ত করি।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল আলম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।



























