ছাতকে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সিএনজি খাদে, নিহত ১
- Update Time : ০৭:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সিএনজি খাদে পড়ে এক কিশোরীর মৃত্যু ঘটেছে। আহত আরো দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের বদিরগাও এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় কলি বেগম নামের এক কিশোরীর মৃত্যু ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জাউয়াবাজার ইউনিয়নের ঝামক গ্রামের প্রবাসী তহুর আলীর স্ত্রী তাদের সন্তান নিয়ে বসবাস করেন পিত্রালয় ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের খিদুরা গ্রামে। বৃহস্পতিবার ঝামক গ্রামের তহুর আলীর ভাই মারা গেলে তহুর আলীর স্ত্রী-সন্তান লাশ দেখতে যান ঝামক গ্রামে। লাশ দাফনের পর তারা সিএনজি (সুনামগঞ্জ -থ -১১-০১৮৬) যোগে খিদুরা গ্রামে ফিরছিলেন। সিলেট-সুনামগঞ্জ সড়কের বদিরগাও এলাকায় পৌছালে বিপরীত দিক দিয়ে আসা একটি লাশবাহী অ্যাম্বুলেন্স (সিলেট – চ -১১-০৩৯৫) যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় কলি বেগম(১৮) গুরুতর আহত হয়। আহত কলি বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। সে ঝামক গ্রামের প্রবাসী তহুর আলীর কন্যা। কলি বেগমের আহত মা ও ছোট ভাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত সিএনজি ও অ্যাম্বুলেন্স আটক করেছে। জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ আমির উদ্দিন জানান, অ্যাম্বুলেন্সে থাকা লাশ দোলারবাজার ইউনিয়নের কুর্শী গ্রামে একটি পিকআপ ভ্যানের মাধ্যমে পৌছে দেয়া হয়েছে।





























