জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: পবিত্র রমজানে প্রথম দিন এতিম ও আলেম ওলামাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার রাজধানীর লেডিস ক্লাবে এতিম ও আলেম-ওলামাদের সম্মানে খালেদা জিয়া ওই ইফতারের আয়োজন করেন।
এতিম ও আলেমদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার
- Update Time : ০৯:৪০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
রাজধানীর কয়েকটি এতিমখানার শতাধিক শিক্ষার্থী ইফতারে অংশ নেন। আলেম ওলামাদের মধ্যে কামাল উদ্দিন জাফরী, সোবহানবাগ জামে মসজিদের খতিব শাহ ওয়ালী উল্লাহ, চট্টগ্রামের মিরসরাইয়ের পীর আবদুল মোমেন নাছেরী, মাদ্রাসা-ই-নূরীয়ার মোহাদ্দিস মুজিবর রহমান হামিদী, বাংলাদেশ মসজিদ মিশনের সাধারণ সম্পাদক খলিলুর রহমান মাদানী, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী প্রমুখ এবং বিএনপির নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান নজরুলের
এদিকে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সরকার গণবিচ্ছিন্ন হয়ে বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে। সরকার চোরাবালির মধ্যে ডুবে আছে। যত নড়াচড়া করবে, ততই তারা ডুববে। তিনি বিএনপির চেয়ারপারসনের নির্দেশে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
বর্তমান সরকার মামলা দিয়ে, গ্রেপ্তার করে টিকে থাকতে পারবে না—এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের আগে আমেনা বেগম ছাড়া আওয়ামী লীগের প্রায় সব নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তাতে আওয়ামী লীগকে রোখা যায়নি। পাকিস্তান সরকার টিকে থাকতে পারেনি।
জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি মহানগর দক্ষিণ শাখার সহসভাপতি নবী উল্লাহ নবী, তানভীর আদেল খান বাবু, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিনের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ওই মানববন্ধনের আয়োজন করে।



















