ওসমানীনগরে ‘জঙ্গলে’ পড়ে থাকা শিশু উদ্ধার
- Update Time : ০৪:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আবুল কালাম আজাদ, ওসমানীনগর :: সিলেটের ওসমানীনগরে জঙ্গল থেকে সাতদিনের নবজাতক এক কন্যা শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান।
শুক্রবার রাত উপজেলার মজলিশপুর গ্রামের শিক্ষক আরশ আলীর বাড়ির পুকুর পাড়ের জঙ্গল থেকে এ শিশুটিকে উদ্ধার করা হয়।
জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে মজলিশপুর গ্রামের শিক্ষক আরশ আলীর বাড়ির তত্ত্বাবধায়ক মাছ শিকার করতে বাড়ির পুকুরে যান। এসময় জঙ্গল থেকে একটি নবজাতক শিশুর কান্না শুনতে পেয়ে বিষয়টি বাড়ির কর্তাকে অবহিত করেন। পরে স্থানীয় ইউপি সদস্য ও শিক্ষক আরশ আলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান।
খবর পাওয়ার পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান থানা পুলিশের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করেন।
এ ঘটনায় শিক্ষক আরশ আলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিভাবক হয়ে লিখিতভাবে দয়ামীরস্থ এস ও এস শিশু পল্লী কর্তৃপক্ষের নিকট আবেদন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে শিশুটিকে হস্তান্তর করেন। শিশুটিকে গ্রহন করেন এস ও এস শিশু পল্লী সিলেট’র পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিশু পল্লীর স্পনসরশিপ অফিসার মো. মাজহারুল ইসলাম খান, এস ও এস মা হালিমা খাতুন, শিক্ষক আরশ আলী ও ইউপি সদস্য মুহিতুর রহমান মোহন। এ ঘটনার সাথে কারা জড়িত এ সংবাদ লেখা পর্যন্ত জানা যায়নি।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন বলেন, শিশুটিকে উদ্ধার করে দয়ামীরস্থ এস ও এস শিশু পল্লী কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আমি লিখিত আবেদন করি। এরপর ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমানের উপস্থিতিতে শিশুটিকে হস্তান্তর করি। এ নির্মম ঘটনার সাথে কে বা কারা জড়িত তা জানা যায়নি। আমরা ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিছুর রহমান শিশু উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন বলেন, খবর পেয়েই আমরা শিশুটিকে উদ্ধার করি এবং শুক্রবার মধ্যরাতেই উপজেলার দয়ামীরস্থ এস ও এস শিশু পল্লী কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। শিশুটি ভালো আছে।





























