সুনামগঞ্জে বিএনপির ছয় নেতা বহিষ্কার
- Update Time : ০৫:২১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জে বিএনপির ছয় নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। ফলে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদও হারিয়েছেন তারা।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমেদ, তাহিরপুরে চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল হক, দক্ষিণ সুনামগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল পারভেজ সাজন, বিশ্বম্ভরপুরে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জেলা মহিলা দলের সভাপতি মদিনা আক্তার, একই উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক আয়শা আক্তার এবং একই উপজেলার চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ দুলাল।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে বলে ওই পত্রে জানানো হয়েছে।



















