এবারের নির্বাচনে বিএনপি সহ ধানের শীষ প্রতীক ব্যবহার করবে ৮ দল
- Update Time : ০৪:০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ ধানের শীষ প্রতীক ব্যবহার করবে ৮টি রাজনৈতিক দল।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, সাবেক সচিব আবদুল বারী ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির গতকাল বিকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি নির্বাচন কমিশন সচিবের কাছে পৌঁছে দেন। চিঠিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আটটি দলের যৌথভাবে মনোনীত প্রার্থীরা বিএনপির ধানের শীষ প্রতীক ব্যবহার করবেন। বিএনপি ছাড়া বাকিদলগুলো হচ্ছে- বাংলাদেশ কল্যাণ পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ। চিঠিতে আরো বলা হয়, চূড়ান্ত মনোনয়ন সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী আসনে যৌথভাবে মনোনীত প্রার্থীকে প্রতীক বরাদ্দের জন্য লিখিতভাবে অবহিত করা হবে।
এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দলীয় প্রতীক ছাতা ও জোটবদ্ধভাবে বিএনপি দলীয় প্রতীক ধানের শীষ- উভয় প্রতীকে নির্বাচন করতে চায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার দুপুরে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দলটির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ইসি সচিব হেলালুদ্দিন আহমদের দপ্তরে পৌঁছে দেন।



















