বিশ্বনাথে ৩ কোটি ৩০ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এহিয়া চৌধুরী
- Update Time : ০১:২৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে শনিবার প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। এর মধ্যে প্রায় ৮৭ লাখ টাকা ব্যয়ে উপজেলার আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, প্রায় ৩৮লাখ টাকা ব্যয়ে রামপাশা-রাজাগঞ্জ-উত্তর বিশ্বনাথ-লামাকাজী রাস্তার দেড় কিলোমিটার পুনঃনির্মাণ ও প্রায় ৮৭ লাখ টাকা ব্যয়ে পূর্ব বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে রামপাশা-ভোলাগঞ্জ-প্রীতিগঞ্জ-পরগনা বাজার রাস্তা পুনঃনির্মাণ ও প্রায় ৩৪ লাখ টাকা ব্যয়ে প্রতাবপুর-মাখরগাঁও-শাখারীকোন রাস্তায় ফুনিয়া খালের উপর নবনির্মিত সেতুর উদ্বোধন করা হয়।
আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, জাতীয় পার্টি উন্নয়ন ও শান্তির রাজনীতিতে বিশ্বাসী। আমি এমপি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে সাধ্যমত ভূমিকা রেখেছি। আমার আগের (২০০৮-২০১৪) এমপি’র চেয়ে সিলেট-২ আসনে আমি দ্বিগুণ উন্নয়ন করেছি। বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন দপ্তরে গিয়ে তথ্য নিলে দেখতে পাবেন। এরই ধারাবাহিকতায় সরকারের শেষ সময়ে এসেও থেকে নেই উন্নয়ন কাজ। আল্লাহ আমাকে জনগণের সেবা করার সুযোগ দিয়েছিলেন বলেই আমি দল মতরে উর্ধ্বে উঠে সকলের সহযোগীতায় এই উন্নয়ন কাজ করতে পেরেছি। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমি একজন তরুণ হিসেবে জনগণ আসন্ন নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে আবারো নির্বাচিত করবেন এটাই আমার প্রত্যাশা।
স্থানীয় ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মানিকুজ্জামানের সভাপতিত্বে ও ছাত্রসমাজ নেতা জুয়েল আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য এস এম আরশ আলী বাবলু, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু রায়, জাপা নেতা আবদুল কাদির।
বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনকালে অন্যান্যের মধ্যে উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক আবুল খয়ের মেম্বার, ফিরোজ আলী, জাপা নেতা রুবেল আহমদ আফজাল, উম্মর আলী, নাছির উদ্দিন মেম্বার, শামীম আহমদ মেম্বার, প্রদীপ চন্দ্র দেব, নাজিম চৌধুরী প্রমুখ সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



















