৭ কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশ অফিসার লাপাত্তা
- Update Time : ০২:৩৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: প্রায় ৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে একটি বেসরকারি ব্যাংকের বনানী শাখার ক্যাশ ইনচার্জের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটেছে বলে ব্যাংকটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ব্যাংকসংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে বিপুল পরিমাণ অর্থ নিয়ে শাখা থেকে বের হওয়ার পর ওই ক্যাশ অফিসারের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ব্যাংকের অভ্যন্তরীণভাবে বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। পরে ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। এদিকে অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাখাটির ম্যানেজার ইনচার্জ ও জিবি দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। ব্যাংকটির একটি সূত্র জানিয়েছে, ঘটনার মূল অভিযুক্ত হিসেবে ক্যাশ ইনচার্জকে শনাক্ত করা হয়েছে। তবে তিনি বর্তমানে গা-ঢাকা দিয়েছেন বলে দাবি সূত্রটির। তাকে ধরতে অভিযান চলছে। ঘটনাটি কীভাবে ঘটল এবং ব্যাংকের বিপুল নগদ অর্থ কীভাবে শাখা থেকে বের হয়ে গেল, তা নিয়ে ব্যাংকটির ভেতরে প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় ব্যাংকের নিরাপত্তা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং ব্যাংকের অর্থ উদ্ধারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে।



























